রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮


মডেল মসজিদ ইমাম পরিষদের কেন্দ্রীয় সভাপতি হলেন মাওলানা আহমেদ মাসরুর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

ফরিদপুর জেলা প্রতিনিধি

সারাদেশে ইসলামিক ফাউন্ডেশন পরিচালিত মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের ইমামদের সংগঠন বাংলাদেশ মডেল মসজিদ ইমাম পরিষদের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছেন ফরিদপুরের ভাঙ্গা উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের খতিব ও ইমাম আলহাজ হাফেজ মাওলানা আহমেদ মাসরুর।

শনিবার (১৭ অক্টোবর) দুপুরে আওয়ার ইসলাম২৪.কমের ফরিদপুর জেলা প্রতিনিধির কাছে নির্বাচিত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন মাওলানা আহমেদ মাসরুর। অনলাইনে ভোটের মাধ্যমে তিনি এ পদে নির্বাচিত হন।

সারাদেশের মডেল মসজিদের ইমামদের প্রতিনিধিত্বমূলক এ সংগঠনের কেন্দ্রীয় সভাপতির দায়িত্ব পাওয়ায় স্থানীয় আলেম-ইমামদের মধ্যে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্টরা আশা করছেন, তাঁর নেতৃত্বে মডেল মসজিদগুলোর ইমামদের পেশাগত স্বার্থ সংরক্ষণ, কল্যাণ নিশ্চিতকরণ এবং ধর্মীয় কার্যক্রম আরও গতিশীল হবে।

মাওলানা আহমেদ মাসরুরের এ অর্জনকে ভাঙ্গার ধর্মীয় অঙ্গনের জন্যও গর্বের বিষয় হিসেবে দেখছেন স্থানীয়রা। তাঁরা আশা প্রকাশ করেছেন, নতুন দায়িত্ব পালনের মাধ্যমে তিনি দেশের ইমাম সমাজের কল্যাণ ও দ্বীনি খেদমতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

নির্বাচিত হওয়ার প্রতিক্রিয়ায় এক বার্তায় মাওলানা আহমেদ মাসরুর বলেন, “প্রিয় বন্ধুগণ, সম্মান-ইজ্জত আল্লাহর হাতে। যা কিছু হয়েছে, আপনাদের দোয়া এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া ও মেহেরবানিতে হয়েছে। উৎফুল্ল হওয়ার কিছু নেই। দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারি—এ কামনা আপনাদের কাছে।”

তিনি আরও বলেন, “হাসি বিজয়ের বহিঃপ্রকাশ। কিন্তু এআই ব্যবহার করে অতিরিক্ত বা অতিরঞ্জিত উপস্থাপন ব্যক্তিত্বকে দারুণভাবে ক্ষুণ্ন করে। বিধায় সবার প্রতি সদয় ও সহানুভূতিশীল দৃষ্টিভঙ্গি কামনা করছি।”

এদিকে মাওলানা আহমেদ মাসরুরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ দারুল আরকাম শিক্ষক কল্যাণ সমিতির কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “সারাদেশের মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের ইমামদের সংগঠন মডেল মসজিদ ইমাম পরিষদের নির্বাচনে আলহাজ হাফেজ মাওলানা মাসরুর সাহেব কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি।”

তিনি আরও বলেন, “তিনি এখন সারাদেশের মডেল মসজিদের ইমামদের সভাপতি। একজন যোগ্য মানুষকেই অন্যান্য ইমাম তাঁর যোগ্যতার আসনে বসিয়েছেন। এ পদের জন্য মাসরুর সাহেবই যোগ্য। আশা করি, তাঁর মাধ্যমে ইমামগণ তাঁদের অধিকার আদায় করতে পারবেন। সুবিধাবঞ্চিত ইমাম সাহেবরা তাঁদের ন্যায্য অধিকার ফিরে পাবেন, ইনশাআল্লাহ।”

শুভেচ্ছা বার্তায় মুফতি জয়নুল আবেদীন মাওলানা আহমেদ মাসরুরের দীর্ঘ নেক হায়াত ও সুস্বাস্থ্য কামনা করেন। পাশাপাশি কেন্দ্রীয় সভাপতির দায়িত্ব আমানত হিসেবে যথাযথভাবে পালনের তাওফিক কামনা করে দোয়া করেন।

এসএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ