মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৪ ভাদ্র ১৪৩৩ ।। ২৬ রবিউল আউয়াল ১৪৪৮


২ অক্টোবর চকবাজারে খতমে নবুওয়ত মহাসম্মেলন, সংসদে বিল উত্থাপনের দাবি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক

কাদিয়ানি সম্প্রদায়কে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিতে জাতীয় সংসদে জরুরি বিল উত্থাপনের জন্য সরকার ও বিরোধী দলের সংসদ সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশ। একই সঙ্গে আগামী ২ অক্টোবর শুক্রবার বাদ জুমা পুরান ঢাকার ঐতিহাসিক চকবাজার শাহী মসজিদে ‘খতমে নবুওয়ত মহাসম্মেলন’ আয়োজনের ঘোষণা দিয়েছে সংগঠনটি।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল ৮টায় রাজধানীর জামিয়া ইসলামিয়া দারুল উলূম দিলু রোড মাদরাসা মিলনায়তনে সংগঠনের সাব-কমিটির এক বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। কেন্দ্র ঘোষিত কর্মসূচি বাস্তবায়ন ও সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন সংগঠনের নির্বাহী সভাপতি ও সাব-কমিটির আহ্বায়ক মাওলানা জুনায়েদ আল হাবিব।

বৈঠকে সংগঠনের নেতারা কাদিয়ানি সম্প্রদায়কে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার লক্ষ্যে জাতীয় সংসদে কার্যকর বিল উত্থাপনের দাবি জানান।

সংগঠনের মহাসচিব ও সাব-কমিটির সমন্বয়ক মাওলানা মুহিউদ্দীন রাব্বানী বলেন, বিশ্বের বিভিন্ন মুসলিম দেশ কাদিয়ানি সম্প্রদায়কে অমুসলিম ঘোষণা করেছে। বাংলাদেশেও তাদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবি দীর্ঘদিনের।

তিনি সরকার ও বিরোধী দলের সব সংসদ সদস্যের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আসন্ন সংসদ অধিবেশনে কাদিয়ানী সম্প্রদায়কে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার লক্ষ্যে কার্যকর বিল উত্থাপন করা উচিত। এটি দেশের মুসলিম জনগোষ্ঠীর দাবি বলেও মন্তব্য করেন তিনি।

বৈঠকে আগামী ২ অক্টোবর শুক্রবার বাদ জুমা পুরান ঢাকার ঐতিহাসিক চকবাজার শাহী মসজিদে ‘খতমে নবুওয়ত মহাসম্মেলন’ আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়।

মহাসম্মেলন সফল করতে এবং দেশের সর্বস্তরের মানুষের কাছে খতমে নবুওয়তের আকিদাগত গুরুত্ব তুলে ধরতে বিশেষ পুস্তিকা, পোস্টার ও লিফলেট প্রকাশ করে সারা দেশে বিতরণের সিদ্ধান্তও নেওয়া হয়েছে।

বৈঠকে জানানো হয়, আগামী ১৬ ও ১৭ অক্টোবর তেজগাঁও ইমাম খতীব উলামা পরিষদের উদ্যোগে অনুষ্ঠিতব্য ইসলামী মহাসম্মেলনের দ্বিতীয় দিনে ‘আকিদায়ে খতমে নবুওয়ত’ শীর্ষক আলোচনা অনুষ্ঠিত হবে।

এ ছাড়া কেন্দ্র ঘোষিত অন্যান্য কর্মসূচি বাস্তবায়নে আলেম-উলামা ও সাধারণ মানুষকে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন নেতারা।

ঢাকা মহানগরীর জোন কমিটিগুলো দ্রুত পূর্ণাঙ্গ ও সক্রিয় করতে পাঁচ সদস্যের একটি সাব-কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে রয়েছেন—কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুফতী সালাহউদ্দিন, কেন্দ্রীয় সহকারী সাংগঠনিক সম্পাদক মুফতী আব্দুল কাইয়ুম কাসেমী, মুফতী গাজী ইয়াকুব উসমানী, কেন্দ্রীয় সহকারী প্রচার সম্পাদক মাওলানা আফসার মাহমুদ এবং ঢাকা মহানগর দাওয়াহ বিষয়ক সম্পাদক মাওলানা এহতেশামুল হক সাখী।

সভাপতির বক্তব্যে মাওলানা জুনায়েদ আল হাবিব বলেন, ‘খতমে নবুওয়ত ঈমানের মূল ভিত্তি।’ তিনি কেন্দ্র ঘোষিত কর্মসূচি বাস্তবায়নে আলেম-উলামা ও সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

তিনি বলেন, শুধু সভা-সমাবেশের মধ্যে সীমাবদ্ধ না থেকে প্রান্তিক ও তৃণমূল পর্যায়ে দাওয়াতি কার্যক্রম জোরদার করতে হবে। বিশেষ করে যেসব এলাকায় কাদিয়ানী সম্প্রদায়ের কার্যক্রম ও মানুষকে বিভ্রান্ত করার অভিযোগ রয়েছে, সেসব এলাকায় মহাসম্মেলনের পাশাপাশি ঘরে ঘরে দাওয়াতি কার্যক্রম বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি।

মাওলানা জুনায়েদ আল হাবিব বলেন, ঈমানি আকিদা রক্ষায় সংগঠনের আন্দোলনকে মাঠপর্যায়ে আরও গতিশীল ও সংগঠিত করা সময়ের দাবি।

বৈঠকে সংগঠনের যুগ্ম মহাসচিব মাওলানা আহমাদ আলী কাসেমী, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, মুফতী কিফায়াতুল্লাহ আজহারীসহ কেন্দ্রীয় ও মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ