নিজস্ব প্রতিবেদক
আর্তমানবতার সেবা, ইসলামের দাওয়াত এবং সামাজিক কল্যাণমূলক কার্যক্রমকে কেন্দ্র করে আগামী ২৪, ২৫ ও ২৬ জুলাই (শুক্র, শনি ও রোববার) বান্দরবান ও কক্সবাজারে তিন দিনব্যাপী ‘সেবা ও দাওয়াতি সফর’ আয়োজন করেছে হাফেজ্জী হুজুর (রহ.) সেবা ফাউন্ডেশন।
আয়োজকরা জানান, সফরের মূল লক্ষ্য হলো সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো, ইসলামের মানবিক বার্তা পৌঁছে দেওয়া এবং নতুন মুসলিম পরিবারগুলোর পুনর্বাসনে সহযোগিতা করা।
প্রথম দিন (২৪ জুলাই) বান্দরবানে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হবে। দেশের স্বনামধন্য চিকিৎসকদের সমন্বয়ে পরিচালিত এ মেডিকেল ক্যাম্পে স্থানীয় সাধারণ মানুষ চিকিৎসাসেবা গ্রহণের সুযোগ পাবেন। এছাড়া মাগরিবের পর অমুসলিমদের উদ্দেশে ইসলামের পরিচিতি ও মানবিক শিক্ষার ওপর একটি বিশেষ দাওয়াতী মাহফিল অনুষ্ঠিত হবে।
দ্বিতীয় দিন (২৫ জুলাই) সারাদিন বিভিন্ন সেবামূলক কার্যক্রম পরিচালনার পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করা হবে। তাদের জীবনমান উন্নয়ন ও দুঃখ-দুর্দশা লাঘবে ইসলামের দৃষ্টিভঙ্গি তুলে ধরে জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হবে। একই দিন মাগরিব থেকে রাত ১০টা পর্যন্ত পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর মধ্যে শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্য জোরদারের লক্ষ্যে একটি দাওয়াতি মাহফিল অনুষ্ঠিত হবে।
তৃতীয় দিন (২৬ জুলাই) দুপুরে সফরকারী দল বান্দরবান থেকে কক্সবাজারে পৌঁছাবে। সেখানে জোহর থেকে আসর পর্যন্ত সমুদ্রসৈকতে ভ্রমণ ও খেলাধুলার আয়োজন থাকবে। এরপর আসর থেকে রাত ৮টা পর্যন্ত হামদ-নাত পরিবেশনা এবং সেবা কার্যক্রমভিত্তিক বিশেষ মাহফিল অনুষ্ঠিত হবে।
আয়োজক কর্তৃপক্ষ আরও জানিয়েছে, সফরের অংশ হিসেবে ১০টি নতুন মুসলিম পরিবারকে স্বাবলম্বী করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে তাদের মধ্যে ভ্যান, সেলাই মেশিনসহ প্রয়োজনীয় উপকরণ বিতরণ করা হবে, যাতে তারা স্থায়ীভাবে জীবিকা নির্বাহ করতে সক্ষম হন।
সফরে অংশগ্রহণে আগ্রহীদের জন্য জনপ্রতি ৩ হাজার টাকা ভ্রমণ, থাকা ও খাবার বাবদ নির্ধারণ করা হয়েছে। আগামী ১৬ জুলাইয়ের মধ্যে নিবন্ধন সম্পন্ন করতে হবে।
এদিকে সফরে অংশগ্রহণকারীদের বহনকারী গাড়ি ২৩ জুলাই সকাল ৮টায় ঢাকার মুহাম্মাদী হাউজিং লিমিটেডের মসজিদ-এ-নূর প্রাঙ্গণ থেকে যাত্রা করবে।
নিবন্ধন ও বিস্তারিত তথ্যের জন্য আগ্রহীদের ০১৮১৯-২৮১২৮৬, ০১৬১৯-২৮১২৮৬ অথবা ০১৭৭৬-২৮৮৪৯২ নম্বরে যোগাযোগ করতে অনুরোধ জানিয়েছে হাফেজ্জী হুজুর (রহ.) সেবা ফাউন্ডেশন।
আইও/