শুক্রবার, ০৩ জুলাই ২০২৬ ।। ১৯ আষাঢ় ১৪৩৩ ।। ১৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :

ফিলিস্তিনি রাষ্ট্রদূতের মধ্যাহ্নভোজে ইসলামী আন্দোলনের নেতারা


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: আওয়ার ইসলাম

নিজস্ব প্রতিবেদক:

ঢাকায় নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ড. ইউসুফ রমাদান-এর সৌজন্য আমন্ত্রণে বৃহস্পতিবার (২ জুলাই) ইসলামী আন্দোলন বাংলাদেশের একটি প্রতিনিধি দল তাঁর সরকারি বাসভবনে মধ্যাহ্নভোজে অংশগ্রহণ করে।

মধ্যাহ্নভোজ শেষে অনুষ্ঠিত সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভায় ফিলিস্তিনের নির্যাতিত জনগণের প্রতি বাংলাদেশের জনগণের অকুণ্ঠ ভালোবাসা, সংহতি এবং অব্যাহত সমর্থনের বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচিত হয়। একই সঙ্গে বাংলাদেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি, বৈশ্বিক সংকট এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে উভয় পক্ষের মধ্যে আন্তরিক আলোচনা অনুষ্ঠিত হয়।

এ সময় রাষ্ট্রদূত ড. ইউসুফ রমাদান ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং দলের আমিরের নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন। তিনি বিশেষভাবে জুলাই আন্দোলনে দলের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করে আশা প্রকাশ করেন, ইসলামের আদর্শ ও মূল্যবোধকে ধারণ করে ইসলামী আন্দোলন বাংলাদেশ ভবিষ্যতেও দেশ, জাতি ও জনগণের কল্যাণে আরও কার্যকর ভূমিকা পালন করবে।

ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন দলের যুগ্ম মহাসচিব মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, দলের উপদেষ্টা ও সাবেক রাষ্ট্রদূত আলহাজ গোলাম মসীহ, ইসলামী যুব আন্দোলনের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সহকারী অধ্যাপক ইমতিয়াজ আহমেদ স্বজল, ইসলামী আন্দোলন বাংলাদেশের আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য সচিব মো. রাজন সিকদার, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সাইফ মোহাম্মদ আলাউদ্দিন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ মালয়েশিয়া শাখার সাবেক সাধারণ সম্পাদক ড. আবু হুরায়রা।

সাক্ষাৎকালে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিনিধিদল ফিলিস্তিনি জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের প্রতি দলের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত করে। পাশাপাশি স্বাধীন, সার্বভৌম ও মর্যাদাপূর্ণ ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রত্যাশা ব্যক্ত করে এবং ফিলিস্তিনের শান্তি, নিরাপত্তা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা কামনা করে।

আওয়ার ইসলাম/জেডএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ