বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬ ।। ১২ ভাদ্র ১৪৩৩ ।। ১৪ রবিউল আউয়াল ১৪৪৮


পুকুরে গোসলে নেমে প্রাণ গেল দুই মাদরাসা ছাত্রের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

চট্টগ্রাম প্রতিনিধি

চট্টগ্রামের ফটিকছড়িতে মসজিদের পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই মাদরাসা ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত দুই শিশু সম্পর্কে আপন চাচাতো-জেঠাতো ভাই। মাদরাসা থেকে বাড়ি ফেরার পর আরও দুই শিশুর সঙ্গে পুকুরে গোসল করতে নেমে এ দুর্ঘটনা ঘটে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে উপজেলার দক্ষিণ সুন্দরপুর এলাকার ৮ নম্বর ওয়ার্ডের সিকদার বাড়িতে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।

নিহতরা হলো—দক্ষিণ সুন্দরপুর গ্রামের সিকদার বাড়ির প্রবাসী জাহাঙ্গীর আলমের ছেলে মো. জাহেদ (৮) এবং একই বাড়ির প্রবাসী আব্দুল শুক্কুরের ছেলে মো. তাসিন (৮)। তারা দুজনই স্থানীয় এককুলিয়া দারুস সুন্নাহ নূরানী মাদরাসার দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার দুপুরে মাদরাসা থেকে বাড়ি ফেরার পর জাহেদ ও তাসিনসহ চার শিশু বাড়ির সামনে মসজিদের পুকুরে গোসল করতে নামে। গোসলের একপর্যায়ে জাহেদ ও তাসিন পুকুরের গভীর পানিতে তলিয়ে যায়।

এ সময় সঙ্গে থাকা অন্য দুই শিশু চিৎকার করে আশপাশের লোকজনকে জানায়। তাদের চিৎকার শুনে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে পুকুরে নেমে দুই শিশুকে উদ্ধারের চেষ্টা করেন। পরে দুজনকেই পানি থেকে উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, উদ্ধারের পর একজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। অপরজনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

পরে স্বজন ও স্থানীয়রা দুজনকে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাদের মৃত ঘোষণা করেন।

ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন চিকিৎসক বিষয়টি নিশ্চিত করে জানান, দুপুরে দুই শিশুকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে তাদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিহত দুই শিশুর বাবা সম্পর্কে আপন ভাই এবং দুজনই বর্তমানে প্রবাসে অবস্থান করছেন। দুই সন্তানের একসঙ্গে এমন আকস্মিক মৃত্যুর খবর পেয়ে তারা দেশে ফেরার উদ্দেশ্যে রওনা হয়েছেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

একসঙ্গে দুই মাদরা ছাত্রের মর্মান্তিক মৃত্যুতে সিকদার বাড়ি ও দক্ষিণ সুন্দরপুর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজন ও প্রতিবেশীদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে এলাকার পরিবেশ।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ