বৃহস্পতিবার, ২১ মে ২০২৬ ।। ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ৪ জিলহজ ১৪৪৭


কোরবানির চামড়া সংগ্রহ নিয়ে নারায়ণগঞ্জের মাদরাসাগুলোর আলটিমেটাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

নারায়ণগঞ্জে কোরবানির চামড়া সংগ্রহ ও পরিবহনসংক্রান্ত জেলা প্রশাসনের নির্দেশনাকে কেন্দ্র করে কওমি মাদরাসাগুলোর মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এ বিষয়ে সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়ে জেলা প্রশাসনকে আলটিমেটাম দিয়েছেন মাদরাসা সংশ্লিষ্টরা।

বৃহস্পতিবার (২১ মে ২০২৬) সকাল ১০টায় বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ-এর নারায়ণগঞ্জ জেলার উদ্যোগে চামড়া সংগ্রহ সংক্রান্ত করণীয় নির্ধারণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভাটি নারায়ণগঞ্জ শহরের আমলাপাড়া মাদরাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

সভায় জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ মাদরাসার মুহতামিমরা অংশ নেন। নেতৃবৃন্দ অভিযোগ করে বলেন, জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে—মাদরাসাগুলোকে নিজ দায়িত্বে চামড়ায় লবণ দিয়ে সংরক্ষণ করতে হবে এবং ঈদের দিন রাতে নারায়ণগঞ্জ থেকে চামড়া বহনকারী গাড়ি সাইনবোর্ড এলাকা পার হতে দেওয়া হবে না।

বেফাক নেতারা এসব সিদ্ধান্তকে ‘অযৌক্তিক ও চাপিয়ে দেওয়া’ উল্লেখ করে বলেন, অবিলম্বে এই নির্দেশনা প্রত্যাহার না করা হলে নারায়ণগঞ্জ জেলার কওমি মাদরাসাগুলো সম্মিলিতভাবে চামড়া সংগ্রহ বর্জন করবে।

সভায় জেলা প্রশাসনের কাছে চার দফা দাবি উত্থাপন করা হয়—

১) মাদরাসাগুলোকে লবণ দিয়ে চামড়া সংরক্ষণে বাধ্য করা যাবে না

২) সাইনবোর্ড বা ঢাকার প্রবেশমুখে চামড়া বহনকারী গাড়ি আটকানো যাবে না

৩) চামড়ার ন্যায্য মূল্য নিশ্চিত করতে হবে

৪) চামড়া সংগ্রহের সময় মাদরাসা শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে

নেতারা আরও বলেন, এসব দাবি দ্রুত বাস্তবায়ন না হলে নারায়ণগঞ্জে কওমি মাদ্রাসাগুলো চামড়া সংগ্রহ কার্যক্রম থেকে সরে দাঁড়াবে।

নারায়ণগঞ্জ জেলা বেফাকের সভাপতি মাওলানা আব্দুল কাদিরের সভাপতিত্বে উক্ত সভায় উপস্থিত ছিলেন, হাজিপাড়া মাদরাসার মুহতামিম ও ডিআইটি মসজিদের খতিব মাওলানা আব্দুল আউয়াল, কাশীপুর মাদরার মুহতামিম মুফতী আব্দুস সবুর কাসেমী, রূপগঞ্জ উলামা নগর মাদরাসার মুহতামিম মাওলানা মুফিজুল ইসলাম, দেওভোগ মাদরাসার শাইখে সানী মাওলানা আব্দুর রহমান কাসেমী, আলীরটেক মাদরাসার মুহতামিম হাফেজ আতাউল হক সরকার, রুপগঞ্জ দারুল কোরআনের মুহতামিম মাওলানা বদরুল আলম সিলেটী, ভূইগড় দাওয়াতুল কোরআনের মুহতামিম মাওলানা মামুনুর রশীদ, বাগে জান্নাত মাদরাসার মুহতামিম মুফতি আব্দুর রহীম, পাইনাদি মাদরাসার মুহতামিম মাওলানা দীন ইসলাম, সোনারগাঁও মাদরাসাতুশ শরফের মুহতামিম মাওলানা উবাইদুল কাদের নদভী, ইসদাইর কারিমিয়া মাদরাসার মুফতী মুসা কাসেমী, তালতলা মাদরাসার মুহতামিম মাওলানা মহিউদ্দিন খান, সিরাজুল উলুম মাদরাসার মুহতামিম মুফতী শেখ শাব্বীর আহমাদ, মক্কীনগর মাদরাসার মাওলানা জাফর আল-হুসাইন, বায়তুল হিদায়ার মুহতামিম মুফতী আব্দুল গনী, আড়াইহাজারের মাওলানা আইয়ুব, বন্দরের মাওলানা শাহজালাল প্রমুখ।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ