গাজীপুরের ধীরাশ্রমে আওয়ামী লীগের লোকজনের হামলায় নিহত শিক্ষার্থী আবুল কাসেমের জানাজা নামাজ গাজীপুরের রাজবাড়ি মাঠে অনুষ্ঠিত হয়েছে। জানাজায় বিএনপি, জামায়াত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী, পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারাসহ শত শত লোক উপস্থিত ছিলেন।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা থেকে আবুল কাসেমের লাশবাহী গাড়ি রাজবাড়ি মাঠে এসে পৌঁছায়। তার আগেই শত শত লোক রাজবাড়ি মাঠে এসে উপস্থিত হয়।
পরে বেলা সাড়ে ১১টার দিকে রাজবাড়িতে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। নামাজ শেষে নিহতের লাশ বোর্ডবাজারের দক্ষিণ কলমেশ্বর বাড়িতে নেওয়া হয়। সেখানে আরেকটি জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
