নিজস্ব প্রতিবেদক
ইসলামি ধারার শীর্ষ নিউজপোর্টাল আওয়ার ইসলামের উদ্যোগে আয়োজিত দিনব্যাপী ‘সাহিত্য-সাংবাদিকতা বুনিয়াদি কর্মশালা’ সফলভাবে সম্পন্ন হয়েছে। রাজধানীর ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়া বাবুস সালাম বিমানবন্দর, ঢাকা-এ শুক্রবার (৩ জুলাই) উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এ কর্মশালায় তিন শতাধিক সাহিত্যপ্রেমী তালিবুল ইলম অংশগ্রহণ করেন।
কর্মশালায় সভাপতিত্ব করেন জামিয়া বাবুস সালাম ঢাকার মুহতামিম ও শায়খুল হাদিস মাওলানা আনিসুর রহমান। তিনি তাঁর বক্তব্যে বলেন, সাহিত্য, ভাষা ও সাংবাদিকতা কেবল পেশাগত দক্ষতার বিষয় নয়; বরং দ্বীনি দাওয়াত, সমাজগঠন এবং সত্য প্রতিষ্ঠার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। তিনি তরুণদের কলমকে আদর্শ ও দায়িত্বশীলতার সঙ্গে পরিচালিত করার আহ্বান জানান।
দিনব্যাপী কর্মশালায় প্রশিক্ষক হিসেবে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন বিশিষ্ট লেখক ও মুহাদ্দিস মাওলানা যাইনুল আবিদীন, অদ্রি'র পরিচালক বিএম হারিস, বার্তা২৪ ডটকমের যুগ্ম সম্পাদক মুফতি এনায়েতুল্লাহ, ঢাকা মেইলের প্রধান বার্তা সম্পাদক জহির উদ্দিন বাবর, বাংলাদেশ ইসলামি লেখক ফোরামের সভাপতি মুনীরুল ইসলাম, আওয়ার ইসলামের সম্পাদক হুমায়ূন আইয়ুব এবং দৈনিক আজকের পত্রিকার সহসম্পাদক কাউসার লাবীব।
প্রশিক্ষকরা অংশগ্রহণকারীদের সামনে সাহিত্যচর্চা, সাংবাদিকতা ও ভাষার ব্যবহারিক দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন। কর্মশালায় আলোচিত বিষয়গুলোর মধ্যে ছিল— কী লিখব, কেন লিখব ও লেখালেখির প্রস্তুতি; রোজনামচা লেখার পদ্ধতি ও কলাকৌশল; ব্যবহারিক বাংলা বানান ও প্রচলিত ভুল সংশোধন; সংবাদ ও সাংবাদিকতার মৌলিক ধারণা; আবৃত্তি ও শুদ্ধ উচ্চারণ; এবং ছড়া লেখার কৌশল। প্রতিটি সেশনে অংশগ্রহণকারীদের সক্রিয় অংশগ্রহণ কর্মশালাকে প্রাণবন্ত করে তোলে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, কর্মশালাটি সম্পূর্ণ বিনামূল্যে আয়োজন করা হয়। অংশগ্রহণকারীদের জন্য প্রতিটি সেশনের ক্লাসশিট, দুপুরের আপ্যায়ন এবং অংশগ্রহণমূলক সনদপত্রের ব্যবস্থা ছিল।
এদিকে কর্মশালা শেষে আয়োজক প্রতিষ্ঠান আওয়ার ইসলাম ঘোষণা দিয়েছে, তাদের ‘ভাষা-সাহিত্য-সাংবাদিকতা’ কোর্সের নতুন ব্যাচ আগামী আগস্ট ২০২৬-এর প্রথম সপ্তাহে শুরু হবে। আগ্রহীদের কোর্সে অংশগ্রহণের জন্য ০১৯০২-৮৯১৯৯৬ নম্বরে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে।
আইও/