বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮


তীব্র গ্যাস সংকটে ২০ মিনিটের রান্নায় লাগছে ২-৩ ঘণ্টা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানীর বাসিন্দা আমীন আল রাশিদ তার ফেসবুকে পোস্টে আক্ষেপ প্রকাশ করে লিখেছেন, ‘সকাল ৮টার সময়েও রুটি ভাজার মতো গ্যাস থাকে না। ফলে আমাদের সকালের নাশতা কিনে আনতে হয়। অথচ মাস শেষে দুই চুলার গ্যাসের বিল ঠিকই ১০৮০ টাকা নিয়ে নেবেন। রান্নার জন্য প্রয়োজনীয় গ্যাস পাওয়া যাবে না। উপরন্তু খাবার কিনে আনতে হবে রেস্টুরেন্ট থেকে। মানে ওখানেও বাড়তি খরচ।’

বিদ্যুতের লোডশেডিংয়ে মধ্যেই গ্যাস সংকটে আমীনের মতোই অতিষ্ঠ রাজধানীর বাসিন্দারা। দিনে চুলা জ্বলছে কুপিবাতির মতো টিম টিম করে। ২০ মিনিটের রান্নায় সময় লাগছে দুই-তিন ঘণ্টা।

গ্যাস সংকটে নাজেহাল বনশ্রীর বাসিন্দা তৌহিদুল ইসলাম তার এক দিনের অভিজ্ঞতার বর্ণনা দিয়ে কে বলছিলেন, ‘সকাল ৯টায় চুলায় ভাত তুলে দিয়ে বিপাকে পড়েছিলাম।

বেলা ১১টায় বাসা থেকে বের হওয়ার কথা, কিন্তু চাল আর ফুটতে চায় না, আধা সেদ্ধ চাল নামিয়েও রাখতে পারছিলাম না। প্রায় আড়াই ঘণ্টা লেগেছে সেই চাল ফুটতে।’ তিনি বলেন, ‘দিনের বেলায় প্রায় প্রতিদিনই গ্যাসের সমস্যা হচ্ছে। যে পরিমাণে গ্যাস পাওয়া যাচ্ছে, তা না পাওয়ার মতোই।’

সরেজমিনে খোঁজ নিয়ে রাজধানীর মুগদা, বাসাবো, যাত্রাবাড়ী, জুরাইন, পুরান ঢাকার বংশাল, সূত্রাপুর, ওয়ারীসহ বেশ কয়েকটি এলাকায়ও গ্যাসের এমন সংকটের কথা জানা গেছে।

ওই এলাকার কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, নিম্ন আয়ের মানুষজন মাটির চুলা বা কেরোসিন স্টোভ ব্যবহার করতে বাধ্য হচ্ছেন। দোকানিরা জানান, গ্যাস সংকটে অলিগলির খাবারের দোকানেও ভিড় বেড়ে গেছে। মুগদা এলাকার বাসিন্দা শাবানা রহমান পেশায় গৃহিণী।

তিনি বলেন, ‘গ্যাসের সমস্যার জন্য ঠিকমতো রান্না করতে পারছি না। রাতে গ্যাস আসে, আবার রাতেই চলে যায়। দুপুরের দিকে মাঝেমধ্যে গ্যাস থাকলেও সে গ্যাস দিয়ে ভালোভাবে রান্না করা যায় না। দুপুর ১২টার দিকে চুলায় এক পদের রান্না বসালে শেষ হতে বিকেল ৪টা হয়ে যায়।’ তিনি আরও বলেন, ‘অনেক সময় দুই বেলার রান্না কষ্ট করে হলেও ভোররাতে করে ফেলতে হয়। যদিও ভোররাতে রান্না করতে অনেক সমস্যা হয়। কিন্তু কিছু তো করার নেই। পরিবারের লোকজনকে তো আর না খাইয়ে রাখা যায় না।’

পুরান ঢাকার ইসলামপুরের একরাম উদ্দীন প্লাজার কাপড়ের ব্যবসায়ী ওয়ালিদ হোসেন ফাহিম কে বলেন, ‘বাসাবাড়ি থেকে এনে আগের মতো ঠিক সময়ে খাবার খাওয়া যায় না। দোকানে আগে দুপুরে বাসার খাবার নিয়মিত খেতে পারলেও এখন মাঝেমধ্যে বাসায় রান্না হচ্ছে না। অনেক সময় দুপুরের খাবার এর আগের দিন রাতে রান্না করে রাখা হয়। কিন্তু গরম করতে না পারায় অনেক খাবার নষ্ট হয়ে যায়।’

কবে নাগাদ পরিস্থিতি স্বাভাবিক হবে সে বিষয়ে সরকারের পক্ষ থেকে পরিষ্কার করে কিছুই বলা হচ্ছে না