বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ফতোয়া ও আত্মশুদ্ধির ময়দানে মুফতি সাঈদ আহমদ রহ. সৌদিতে ১৩০০ বছরের পুরনো মসজিদের সন্ধান, দেয়ালে নবীজির নাম মক্কার নিরাপত্তা ও পবিত্রতার প্রতি হুমকি গ্রহণযোগ্য নয়: জমিয়ত ‘রাষ্ট্রপরিচালনার ক্ষেত্রে জনপ্রত্যাশা, স্বচ্ছতা ও জবাবদিহিতাকে প্রাধান্য দিচ্ছে সরকার’  দাওরায়ে হাদিসের মেধাবৃত্তির অর্থ বোর্ডে পাঠিয়েছে আল-হাইআতুল উলয়া স্পিকারের সঙ্গে জার্মানির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ অপরাধের ধরন বদলালেও পুলিশের আধুনিকায়ন সম্ভব হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী সম্পত্তি হস্তান্তর আইন নিয়ে আইনমন্ত্রীর সঙ্গে আলেম প্রতিনিধিদের মতবিনিময় সন্ধ্যার মধ্যে ৪ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা মক্কায় বিমান হামলার সাইরেন: সতর্ক করলেন মুফতি তাকি উসমানি

ভারতের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর জন্ম বাংলাদেশে কি না তদন্ত দাবি কংগ্রেসের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ভারতে মন্ত্রিসভার নতুন দায়িত্বপ্রাপ্ত স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক বাংলাদেশের নাগরিক কি না, তা নিয়ে ভারতের রাজনীতিতে হইচই শুরু হয়েছে।

কংগ্রেসের সিনিয়র নেতা ও আসামের এমপি রিপুন বোরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখে নিশীথ প্রামাণিকের জন্ম কোচবিহারে না কি গাইবান্ধায় তার তদন্ত করার আহ্বান জানিয়েছেন।

বিবিসি বাংলার খবরে বলা হয়েছে, পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূলও এই দাবিকে সমর্থন জানিয়ে বলছে, একজন বাংলাদেশিকে মন্ত্রিসভার সদস্য করা হয়ে থাকলে মোদি সরকার দেশের নিরাপত্তার সঙ্গে আপস করেছে।

নিশীথ প্রামাণিক মাত্র ১০ দিন আগে ভারতে নরেন্দ্র মোদি মন্ত্রিসভার নবীন সদস্য হিসেবে রাষ্ট্রপতির কাছে শপথবাক্য পাঠ করেন। মাত্র ৩৫ বছর বয়সী এই বিজেপি নেতা প্রথমবার মন্ত্রী হয়েই পেয়েছেন গুরুত্বপূর্ণ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর দায়িত্ব।

কিন্তু কেন্দ্রে মন্ত্রী হওয়ার পর এক সপ্তাহ না-যেতেই কোচবিহারের এই বিজেপি এমপি-র নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন আসামের কংগ্রেস নেতা ও রাজ্যসভার এমপি রিপুন বোরা।

গত ১৬ জুলাই সরাসরি প্রধানমন্ত্রী লেখা এক চিঠিতে বোরা বলেছেন, গাইবান্ধা থেকে ভারতে একটি কম্পিউটার কোর্স করতে এসে নিশীথ প্রামাণিক ডিগ্রি পাওয়ার পর আর বাংলাদেশে ফিরে যাননি। ভারতে মন্ত্রী হওয়ার পর নিশীথ প্রামাণিকের গাইবান্ধার গ্রামে আত্মীয়-স্বজনদের উল্লাসের ছবি পর্যন্ত বিভিন্ন চ্যানেলে দেখানো হয়েছে।

তবে বিজেপি সরাসরি এই বক্তব্য নাকচ করে দিয়ে মন্ত্রীর নাগরিকত্ব নিয়ে সন্দেহ থাকলে বিরোধীদের আদালতে যেতে পাল্টা চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে।

এ বিষয়ে বিজেপির মুখপাত্র সর্দার আর পি সিং বলেন, চাইলে তৃণমূল বরং আদালতে যাক - সেখানে গিয়ে আপিল করুক। আইনি প্রক্রিয়ায় তদন্তও দাবি করতে পারে তারা, কোনো সমস্যা নেই।

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক নিজে অবশ্য এই বিতর্ক নিয়ে এখনও মুখ খোলেননি। রোববার তিনি দিল্লিতে উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডুর সঙ্গে দেখা করে সেই ছবি টুইট করেছেন। গতকালও দিয়েছেন ভারতের অলিম্পিক প্রতিযোগীদের সঙ্গে দেখা করার ছবি। কিন্তু তার নাগরিকত্বের প্রশ্ন নিয়ে সোশ্যাল মিডিয়াতে এখনও একটিও শব্দ লেখেননি তিনি।

সূত্র: বিবিসি বাংলা

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ