আওয়ার ইসলাম ডেস্ক: বিশ্বব্যাংক বলছে, বর্তমানে দেশের কলকারখানাগুলোতে ব্যবহৃত যন্ত্রপাতির প্রায় ৬০ শতাংশই হাতে চালানো হয়। আর ৪০ শতাংশের বেশি কারখানায় প্রশাসনিক কার্যক্রম ও উৎপাদন ব্যবস্থাপনা-সংক্রান্ত কাগজপত্র হাতে লেখা হয়।
সংস্থাটি বলছে, দেশের উৎপাদনমুখী শিল্পকারখানা যারা চালান, তাদের অর্ধেকেরই স্নাতক ডিগ্রি নেই। এই ব্যবস্থাপকদের যদি স্নাতক ডিগ্রি থাকত, তাহলে কারখানাগুলোয় প্রযুক্তির ব্যবহার আরও ১০ শতাংশ বাড়ত।
বিশ্বব্যাংকের এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। ‘বাংলাদেশের উৎপাদন খাতের চাঙা ভবিষ্যতের জন্য’ শীর্ষক এই প্রতিবেদন গতকাল বৃহস্পতিবার প্রকাশ করা হয়।
প্রতিবেদনে দেশের উৎপাদন খাতে নতুন প্রযুক্তি ব্যবহারের সুপারিশ করা হয়েছে। এতে বলা হয়েছে, নতুন প্রযুক্তির ব্যবহার শিল্পকারখানাগুলোকে করোনা সংকট কাটিয়ে উঠতে সহায়তা করবে।
প্রতিবেদন প্রকাশ উপলক্ষে অনলাইনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
প্রতিবেদন অনুযায়ী, দেশের বেশির ভাগ শিল্পকারখানা পুরোনো প্রযুক্তি ব্যবহার করে। খুব কমসংখ্যক কারখানায় অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহৃত হয়। যেমন ৩০ শতাংশ কারখানায় পুরোপুরি সনাতনী পদ্ধতিতে পণ্য তৈরি করা হয়। মাত্র ১০ শতাংশের কম কারখানায় কম্পিউটারের মাধ্যমে যন্ত্রপাতি চলে।
বিশ্বব্যাংক বলছে, এ দেশের ৪০ শতাংশ শিল্পকারখানায় কর্মীরা প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্য প্রয়োজনীয় নথিপত্র হাতে লিখে থাকেন। তিন-চতুর্থাংশ প্রতিষ্ঠানে পণ্যের মান যাচাই করা হয় সনাতনী পদ্ধতিতে।
বিশ্বব্যাংকের প্রতিবেদনে সস্তা শ্রমনির্ভর উৎপাদন খাতের পরিবর্তে উৎপাদনশীলতা ও প্রযুক্তির ব্যবহার বৃদ্ধির সুপারিশ করা হয়েছে। বলা হয়েছে, বাংলাদেশের বহু উদ্যোক্তা জানেনই না যে তাদের কারখানায় প্রযুক্তির প্রয়োজনীয়তা আছে। আবার প্রযুক্তি ব্যবহারের উপায় সম্পর্কে জানেন না অনেক উদ্যোক্তা।
সংস্থাটি বলছে, বাংলাদেশের উৎপাদন খাতটি রপ্তানিনির্ভর। আবার রপ্তানির ৮০ শতাংশের বেশি তৈরি পোশাক। সে জন্য এ দেশের উৎপাদন খাতকে ঝুঁকিপূর্ণ হিসেবে অভিহিত করেছে বিশ্বব্যাংক। কারণ, তৈরি পোশাক খাত যদি ধাক্কা খায়, তাহলে পুরো উৎপাদন খাত ভুগবে। এ ছাড়া দক্ষ শ্রমিকের যে অভাব রয়েছে, সেটিও বলেছে বিশ্বব্যাংক।
প্রতিবেদনটির বিভিন্ন দিক তুলে ধরেন এর সহলেখক ও বিশ্বব্যাংকের জ্যেষ্ঠ অর্থনীতিবিদ সিদ্ধার্থ শর্মা। তিনি বলেন, কর্মসংস্থানই বাংলাদেশে উন্নয়নের অন্যতম অগ্রাধিকার। প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে একটি রপ্তানিনির্ভর উৎপাদন খাত টেকসই ও অপেক্ষাকৃত ভালো মজুরির কর্মসংস্থান সৃষ্টি করা সম্ভব। তিনি বলেন, বাংলাদেশে তৈরি পোশাকের পাশাপাশি অন্যান্য সম্ভাবনাময় রপ্তানি খাতের দিকে নজর দিলে সার্বিকভাবে উৎপাদন খাত ভবিষ্যতের জন্য আরও প্রস্তুতি নিতে পারবে।
-এএ