আওয়ার ইসলাম ডেস্ক: প্রযুক্তির আধুনিকায়নে অপরাধের ধরন পরিবর্তনের প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যুগের সঙ্গে তাল মিলিয়েই সরকার স্পেশাল সিকিউরিটি ফোর্সকে (এসএসএফ) প্রশিক্ষিত ও দক্ষ করে তুলছে।
বিজ্ঞান বা আধুনিকতা যেমন আমাদের সুযোগ দিচ্ছে তেমনি জীবনে ঝুঁকিরও সৃষ্টি করছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আমার সব সময় চেষ্টা ছিল এই আধুনিক জগতের সঙ্গে তাল মিলিয়ে আমাদের এই বিশেষ বাহিনী (এসএসএফ) সঠিকভাবে প্রশিক্ষিত হবে এবং তাদের দক্ষতাও সব সময় বৃদ্ধি পাবে। সে জন্য দেশে বিদেশে প্রশিক্ষণের ব্যবস্থাসহ নানারকম সুযোগ আমরা সৃষ্টি করে দিচ্ছি।
মঙ্গলবার প্রধানমন্ত্রী এসএসএফ-এর ৩৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপন উপলক্ষে তার কার্যালয়ে (পিএমও) আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে এ কথা বলেন।
শেখ হাসিনা বলেন, ভূরাজনীতি যেমন পরিবর্তনশীল তেমনি অপরাধ জগৎটাও পরিবর্তিত হচ্ছে। প্রযুক্তির ব্যবহার আমাদের সুযোগ করে দিচ্ছে, জীবনকে গতিশীল করার পাশাপাশি কর্মক্ষেত্রকেও বিস্তৃত করছে। একইভাবে অপরাধী তথা জঙ্গিদেরও সুযোগ করে দিচ্ছে। কাজেই আমার সব সময় চেষ্টা ছিল এই আধুনিক জগতের সঙ্গে তাল মিলিয়ে চলার।
তিনি বলেন, আমাদের দেশে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি বা তাদের পরিবারবর্গই নয় বিদেশি অতিথিরা এলে তাদের নিরাপত্তা দেওয়ার ক্ষেত্রে এসএসএফ-এর একটা বিরাট ভূমিকা থাকে। আর এটা একটা কঠিন দায়িত্ব।
প্রধানমন্ত্রী এসএসএফ-এর সদস্যদের সুষ্ঠুভাবে দায়িত্ব পালনের জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, বিদেশ যে যখনই যে এসেছেন আমাদের এসএসএফ সদস্যরা এত চমৎকারভাবে তাদের নিরাপত্তার ব্যবস্থা করেছেন যার প্রশংসা প্রত্যেকেই প্রায় করেছেন। সকলেই এসএসএফ সদস্যদের দক্ষতা ও আন্তরিকতায় মুগ্ধ হয়েছেন। যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, আমাদের মুজিব বর্ষ এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদ্যাপনের সফলতার পেছনেও এই এসএসএফ সদস্যদের অনেক অবদান রয়েছে।
তিনি বলেন, একদিকে যখন করোনা অন্যদিকে ভারত, শ্রীলঙ্কা, মালদ্বীপ, ভুটানের মতো প্রতিবেশী দেশগুলোর রাষ্ট্র ও সরকার প্রধানকে প্রটোকল এবং নিরাপত্তা দেওয়া চ্যালেঞ্জিং ছিল। যাতে তারা সফল হয়েছেন। এ জন্য এসএসএফর সকল সদস্যকে আন্তরিক ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। এ সময় তার দল, সশস্ত্রবাহিনী এবং সংশ্লিষ্ট সকলের অবদানের কথাও তিনি স্মরণ করে বলেন সকলের সহযোগিতার জন্যই এটা আমরা করতে পেরেছি।