আওয়ার ইসলাম: জীবনে কোনো দিন ব্যর্থ হই নাই, সুতরাং এখানেও (মেয়রের দায়িত্ব) ব্যর্থ হব না- এমন আশাবাদ ব্যক্ত করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপস।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দক্ষিণ সিটির মেয়র হানিফ অডিটোরিয়ামে ডিএসসিসির অঞ্চলসমূহের রাজস্ব কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এমন আশাবাদ ব্যক্ত করেন।
মেয়র বলেন, জীবনে অনেক সুখে ছিলাম। সুখের কোনো কমতি ছিল না। তিন তিন বার সংসদ সদস্য (এমপি) হয়েছি। আর এ পথে (মেয়র হওয়া) পা বাড়িয়েছি চিন্তা-ভাবনা করেই। সুতরাং এখানেও সফল হব।
দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে- কর্মকর্তাদের উদ্দেশে এমন সতর্কতা উচ্চারণ করে তিনি বলেন, প্রতি বুধবার যেকোনো সময় আমি যেকোনো জায়গায় তাৎক্ষণিক অভিযানে যাব। তখন যদি দেখা যায় যে, কোনো বাড়ি কিংবা ব্যবসা-প্রতিষ্ঠান ট্রেড লাইসেন্স অথবা হোল্ডিং ট্যাক্সের আওতায় নেই- তা হলে সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
কর্মকর্তাদের উদ্দেশ করে মেয়র তাপস বলেন, আমাদের রাজস্ব আদায়ের টার্গেট ছিল সাড়ে ৩০০ কোটি টাকা। আমরা সেটাই রেখেছি, বাড়াইনি। আপনাদের সমস্যা রয়েছে, সেটা আমি জানি। আমি যেমন সমস্যার সমাধান করব তেমনি পর্যায়ক্রমে আপনাদের সুযোগ-সুবিধাও বাড়াব।
কিছু পেতে হলে আগে কিছু দিতে হয়- তা আমি জানি। আর সেটা করার মনোনিবেশ করেই আমি এই পদে এসেছি, নির্বাচন করেছি যোগ করেন ডিএসসিসি মেয়র।
-এএ