আওয়ার ইসলাম: উসমানী সাম্রাজ্যের গৌরবময় উত্থানের সত্য কাহিনি অবলম্বনে নির্মিত জনপ্রিয় তুর্কী সিরিজ দিরিলিস আরতুগ্রুলের পরিচালক ও প্রযোজক মুহাম্মাদ বোজদাগ একটি নতুন সিরিজ নির্মাণের ঘোষণা দিয়েছেন। খোয়ারিজম সাম্রাজ্যের সবশেষ তুর্কী সুলতান জালালুদ্দিন খোয়ারিজম শাহ এর জীবনীনির্ভর সত্য ঘটনা অবলম্বনে এই সিরিজ নির্মিত হবে বলে জানিয়েছেন তিনি। খবর ডেইলি সাবাহ আরবি-এর।
বৃহস্পতিবার উজবেকিস্তানের রাজধানী তশখন্দে সফররত খ্যাতিমান এই পরিচালক আনাদুলু এজেন্সিকে দেয়া একটি সাক্ষাৎকারে বলেন, আগামী মাস থেকেই আমরা নতুন সিরিজের কাজ শুরু করতে যাচ্ছি; এ উপলক্ষে আমাদের সব প্রস্তুতি সম্পন্ন প্রায়। জালালুদ্দিন খোয়ারিজমকে নিয়ে আমাদের এই সিরিজটি উজবেক সরকারের বিশেষ অনুগ্রহের ফলশ্রুতিতেই আমরা নির্মাণ করতে যাচ্ছি। আশা করছি, দিরিলিস আরতুগ্রুলের মতো এটাও সারা বিশ্বে ব্যপক সাড়া ফেলতে সক্ষম হবে।
মুহাম্মাদ বোজদাগ জানান, এই সিরিজের নির্মাণ কাজ শেষ হলে তুরস্ক এবং উজবেকিস্তানের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্কের আরও উন্নতি হবে; সিরিজটি উজবেকিস্তানের পরিচয় প্রদানের ক্ষেত্রে বড় ভূমিকা রাখবে।
সিরিজ সম্পর্কে পরিচালক বোজদাগ জানান, এটি ৬০ মিনিট পরিব্যক্তির ১৩ পর্বের একটি ড্রামা সিরিজ আকারে প্রকাশ করা হবে। এর দৃশ্য ধারণের জন্য ইতিমধ্যেই তুরস্ক এবং উজবেকিস্তানের বিভিন্ন লোকেশন ঠিক করা হয়েছে। আর এই সিরিজ নির্মাণ প্রকল্পে অন্তত ১ হাজার মানুষ শ্রম দিবেন। সিরিজটি সুন্দরভাবে উপস্থাপন করতে আমি গভীর গবেষণা শুরু করেছি; এজন্য উজবেকীয় স্থাপত্য শিল্পী, ডিজাইন বিশেষজ্ঞ, ঐতিহাসিক মনিষীগণ, লেখক এবং কবিদের সঙ্গে দেখা করেছি।
মুহাম্মাদ বোজদাগ বলেন, নিসন্দেহে জালালুদ্দিন খোয়ারিজম শাহ ইতিহাসের একজন বরেণ্য ব্যক্তি; তার পিতা থেকে চেঙ্গিস খান রাজ্যাসন ছিনিয়ে নিলেও তিনি তা যুবক বয়সেই পুনরুদ্ধার করতে সমর্থ হন-তাকে নিয়ে নির্মিত সিরিজ অবশ্যই সবার নিকট জনপ্রিয়তা পাবে। বিশেষ করে মুসলিম যুবকদের জন্য তাতে শিক্ষণীয় থাকবে অনেক কিছু।
তার হাতেই নির্মিত জনপ্রিয় তুর্কী সিরিজ দিরিলিস আরতুগ্রুলের সফলতার ব্যাপারে মুহাম্মাদ বোজদাগ বলেন, শুধু তুর্কী ভাষায় কয়েক বিলিয়ন দর্শক এটি দেখেছে। আর তাছাড়া, দর্শকদের তীব্র আগ্রহের কারণে বিশ্বের অধিকাংশ মুসলিম দেশের নিজ নিজ ভাষায় এটি ডাবিং করা হয়েছে। তবে সবচে ভাললাগার কথা হল,অন্তত ২৫ টি দেশের রাষ্ট্রপ্রধান দিরিলিস আরতুগ্রুলের শ্যুটিং সেটে এসে আমাদের বাহবা দিয়ে গেছেন।
তবে আমাদের সবচে বড় সফলতা হল, দিরিলিস আরতুগ্রুলের শ্যুটিং সেটেই আমেরিকান এক চিত্র শিল্পী ইসলাম গ্রহণ করেছেন। পর্দায় ফুটিয়ে তোলা উসমানী সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা উসমান গাজীর পিতা আরতুগ্রুলের ঈমান এবং ন্যায়বিচার দেখেই মূলত তিনি ইসলাম গ্রহণ করেন।
বোজদাগ বলেন, আরতুগ্রুলের সব গুণই জালালুদ্দিন খোয়ারিজম শাহ এর জীবনে ছিল; সুতরাং তার জীবনী ভিত্তিক এই সিরিজও আমাদের সবদিকে সফলতার কারণ হবে-আমি এই আশাবাদ ব্যক্ত করি।
ডেইলি সাবাহ আরবি অবলম্বনে বেলায়েত হুসাইন
আরএম/