সালাহউদ্দীন জাহাঙ্গীর
আমি যে বছর হাফেজ হই— ১৯৯৮ সালে সম্ভবত, আমার পরিবারের প্রায় সবাই আমার মাদরাসার মাহফিলে হাজির হয়েছিল। মা-বাবা, বোন, চাচি এমনকি আমার বৃদ্ধ দাদিও ভ্যানে চড়ে চলে এসেছিল আমাকে পাগড়ি প্রদানের শুভমুহূর্ত দেখার আশায়।
আমরা যারা পুরো কুরআন হেফজ করে হাফেজ হয়েছিলাম, মাহফিলের আগে থেকেই সাদা পাজামা-পাঞ্জাবি পরে অব্যক্ত উত্তেজনায় মাদরাসার এখানে সেখানে ছুটে বেড়াচ্ছি। আমাদের সবারই বয়স ১২ থেকে ১৫ বছরের মধ্যে, মাথায় সাদা পাগড়ি বাঁধার অপেক্ষায় সাদা সারসের মতো কখনো মাদরাসার দফতরে, কখনো মসজিদে, কখনোবা মঞ্চের পেছনে ছোটাছুটি করছি।
একটু পরই হাজার হাজার মানুষের সামনে মঞ্চ থেকে আমাদের নাম ঘোষণা করা হবে, প্রধান অতিথি আমাদের মাথায় সাদা পাগড়ি পরিয়ে দেবেন, হাফেজরা তো বটেই, সবার পরিবারের সদস্যরাও ঢিবঢিব হৃদয়ে অপেক্ষার প্রহর গুনছেন— কখন আসবে সেই শুভক্ষণ?
হাজারো উপস্থিতির সামনে যখন তাদের সন্তানের নাম ঘোষণা করা হবে, গর্বে বুকটা স্ফীত হয়ে যাবে সবার। কুরআনে হাফেজের মা-বাবা হওয়া, এ কি কম গর্বের বিষয়? মঞ্চের সামনে বসে বাবা-ভাই-দাদা অপেক্ষা করছিলেন, মহিলা প্যান্ডেলে অপেক্ষা করছিলেন মা-বোন-চাচি-দাদি..!
গত ২ এপ্রিল ঠিক এমনই একটা মাহফিল চলছিল আফগানিস্তানের কুন্দুজ প্রদেশের দাশতে আরচি এলাকার একটি মাদরাসায়। মাদরাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে মাদরাসা সংলগ্ন মসজিদে জড়ো হয়েছিলেন প্রায় হাজারখানেক মানুষ, যাদের অধিকাংশই হাফেজ ছাত্রদের অভিভাবক, এলাকার সাধারণ ধর্মপ্রাণ মুসল্লি এবং মাদরাসাসংশ্লিষ্ট লোকজন।
খবর ছিল, এ মাহফিল উপলক্ষে তালেবানের কয়েকজন শীর্ষ নেতাও উপস্থিত হয়েছেন।
গোপন সূত্রে খবর পেয়ে তালেবানের এই শীর্ষ নেতাদের হত্যা করতে আফগান বিমানবাহিনীর একটি হেলিকপ্টার মাহফিলস্থলে বোমা ও গুলিবর্ষণ করে। মুহূর্তে মসজিদে উপস্থিত মাদরাসাছাত্র, তাদের অভিভাবক, সাধারণ মুসল্লিসহ প্রায় ১০১ জন নিরীহ ব্যক্তি নিহত হন।
তালেবানের কোনো শীর্ষনেতা নিহত হয়েছেন কি-না, সে খবর এখন পর্যন্ত আফগান অফিসিয়াল বা কোনো নিউজ এজেন্সি নিশ্চিত করতে পারেনি।
উল্লেখ্য, এই চপার হেলিকপ্টারটি আফগান সরকারকে দান করেছিল ভারতীয় সরকার এবং এর কারিগরি সহযোগিতা দিয়ে আসছিল মার্কিন বাহিনী।<