সালাহউদ্দীন জাহাঙ্গীর
অতিথি লেখক
বাড়ির পাশের মুদি দোকান। দুইটা-আড়াইটার দিকে গেলাম একটা প্রয়োজনে। দোকানের সামনের সিমেন্টের বেঞ্চে তিনজন মাদরাসাছাত্র বসে বসে বনরুটি-মিষ্টি সমুচা খাচ্ছে। গায়ে নীল রঙের জামা। চেহারায় ক্লান্তির ছাপ। বয়স আট থেকে বারোর মধ্যে।
পাশে রাখা ম্রিয়মান সাদা বস্তা দেখে বুঝতে বাকি রইলো না- ‘কালেকশনে’ বেরিয়েছে তারা। ক্লান্ত মুসাফির দোকানের বেঞ্চে বসে সেরে নিচ্ছে দুপুরের বনরুটি-লাঞ্চ। একজন খাওয়া শেষ করে দোকানির কাছ থেকে চেয়ে ঢক ঢক করে এক গ্লাস জল খেয়ে নিলো। ওর রোদজ্বলা দুপুরের ক্ষুধা কি মিটলো?
মাদরাসার বাচ্চাদের এভাবে দেখলেই আমার নিজের শৈশবের কথা মনে পড়ে যায়। একটা সময় আমাকেও এভাবে বস্তা নিয়ে ঘুরতে হয়েছে দীর্ঘ গ্রামীণ পথ, মাইলের পর মাইল। কখনো ইচ্ছায় কখনো অনিচ্ছায়, মাদরাসার কানুন তো, যেতেই হতো। মানুষের দুয়ারে দাঁড়িয়ে ধান বা চাল চাইতে লজ্জা হতো ভীষণ, কিন্তু উপায় তো নেই। ট্র্যাডিশন ইজ ট্র্যাডিশন!
নিজের কথা বাদ রাখি। বাচ্চা তিনটিকে জিজ্ঞেস করলাম, ‘কালেকশনে এসেছো?’
‘জি।’
‘কোন মাদরাসায় পড়ো?’
‘গণকপাড়া মাদারসায়।’ একজন পাশে রাখা প্লাস্টিকের ব্যাগ থেকে একটা লিফলেট বের করে দিলো।
মাদরাসায় কয়েকদিন পর মাহফিল, তারা মাহফিল উপলক্ষে গ্রামে গ্রামে চাল কালেকশনে বেরিয়েছে।
‘সেই গণকপাড়া থেকে হাইটা আসছো?’
‘না, কিছু দূর অটোতে আসছি, তারপর বান্নাখোলা থেকে হাইটা আসছি।’ সেও প্রায় মাইল তিন-চারের দূরত্বে। সেখান থেকে কালেকশন করতে করতে এসেছে এ গ্রামে।
‘কয়টার সময় বের হইছো?’
‘সকাল নয়টার দিকে।’
‘দুপুরে কী খাইছো?’
‘একেকজনরে পনেরো টাকা কইরা দিছিলো, ওইটা দিয়া বনরুটি আর ইডা-উডা খাইলাম।’
‘চাইল তুলছো কতোডি?’
‘বেশি উঠে নাই, মাইনষে চাইল দ্যায় না!’ বলেই একজন পাশে রাখা বস্তাটা তুলে ধরলো। বড়জোর কেজি চারেক চাল হবে বস্তায়।
চার কেজি চালের জন্য বিস্তর লম্বা সফর, ক্লান্তিহীন নতজানু পথচলা। পনেরো টাকা লাঞ্চের দেনা মিটিয়ে বাচ্চা তিনটে সামনের দিকে এগিয়ে গেলো। অনিচ্ছার পায়দল হাঁটা, চলে যাচ্ছে কাঁধে বস্তার জগদ্দল উঠিয়ে। তিনটে নিষ্পাপ ফুল ফুটফুটে বাচ্চার দিকে আমি সকরুণ তাকিয়ে রইলাম।
দুই
মাদরাসার প্রিন্সিপাল, শিক্ষক, সভাপতি, অভিভাবকদের কাছে আমার প্রশ্ন- এভাবে ভিক্ষাবৃত্তির জন্য কি এ বাচ্চাদের মাদরাসায় পড়ানো হয়? হাতে ভিক্ষার বস্তা ধরিয়ে দিয়ে একটা ছেলেকে কীভাবে জগদ্বিখ্যাত হাফেজ-আলেম বানাবেন আপনারা?
কীভাবে আগামী পৃথিবীর জন্য তাকে ক্যারিশমাটিক ব্যক্তিত্বে পরিণত করবেন আপনারা? ‘কালেকশন’ নামের ভিক্ষার বস্তা কাঁধে তুলে দিয়ে একটা বাচ্চার শৈশবকে আপনারা ভেঙে চুরমার করে দিচ্ছেন। তার ভেতরে সুà¦