আওয়ার ইসলাম : আসন্ন ২৫ মে ২০১৭ খ্রিস্টাব্দ অনুষ্ঠিতব্য মিলাদ কিয়াম বিষয়ক বাহাস অনুষ্ঠানের অনুমতি মিলেছে যাত্রাবাড়ী মাদরাসায়।
এ ব্যাপারে মাদরাসার মহাপরিচালক মহিহুস সুন্নাহ আল্লামা মাহমুদুল হাসান এর সাথে কথা হলে তিনি জানান, মূলত কে বা কারা কি কারণে এমন একটি বিষয়ে আমার প্রতিষ্ঠানকে জড়িয়েছে তা আমার বোধগম্য নয়। অবশ্য লোক মাধ্যমে জানতে পারলাম মাওলানা এনায়েতউল্লাহ আব্বাসীর পক্ষ থেকে আমার প্রতিষ্ঠানের নাম প্রস্তাব করা হয়। কিন্তু ঠিক কি কারণে, কিসের উপর ভিত্তি করে আমাকে অবগত না করেই এমন প্রস্তাব তা আমার জানা নেই। আমি তাকে চিনি না এবং সে এ বিষয়ে সরাসরি এ পর্যন্ত আমার সাথে যোগাযোগও করে নি। অবশ্য আজ সকালে তার পক্ষ থেকে কিছু লোক এসেছিল। আমি তাদেরকে পরিষ্কার জানিয়ে দিয়েছি যে, আপনারা কিভাবে আমার সাথে যোগাযোগ না করেই আমার প্রতিষ্ঠানের নাম দিলেন? আমি আব্বাসী সাহেবকে চিনি না জানি না সে আমার সাথে কথা না বলে বাহাস যাত্রাবাড়ী হওয়ার কথা কিভাবে ঘোষণা দিল? তার কি উচিত ছিলো না আমার সাথে কথা বলার?
যাই হোক ঠিক আছে বাহাস হোক আমি অনুমতি দিলাম। শর্ত হচ্ছে এটা পাবলিক বাহাস নয়, কিছু আলেম ওলামাদের পরস্পর ইলমী আলোচনা বৈঠক। উভয়পক্ষের বিচারক মুবাহিসগণ এবং তাদের সহযোগিতার জন্য আরো দশজন করে বিশজন ছাড়া অন্য কোন লোক মাদ্রাসায় ঢুকতে পারবে না। কোন ভক্ত সমর্থক এসে হইচই করতে পারবে না। শান্ত নিরিবিলি পরিবেশে দলিল প্রমাণ নিয়ে কথা হবে, ব্যাস। এর ব্যতিক্রম হলে আমি অনুমতি দিব না। প্রসাশনিক নিরাপত্তার বিষয়েও কোন কথার প্রয়োজন নেই। কারণ এটা ইলমি আলোচনার বৈঠক। প্রয়োজনে আমি দেখব। আপনারাই প্রস্তাব দিয়েছেন যাত্রাবাড়ী মাদরাসায় স্থান হওয়ার। আমি উপরোক্ত কন্ডিশনে অনুমতি দিলাম। আপনারা ২৫ তারিখ আসুন, তারাও আসবে। আব্বাসী সাহেবের পক্ষের লোকজনআমার কথা মেনে নিয়ে বিদায় নেন।