নিজস্ব প্রতিবেদক
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখসারির যোদ্ধা নুসরাত তাবাসসুম জ্যোতির বাড়িতে বোমা হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) এক বিবৃতিতে তিনি বলেন, একজন সংসদ সদস্যের বাড়িতে বোমা হামলা এবং বাড়ির বড় একটি অংশ পুড়িয়ে ধ্বংস করে দেওয়ার ঘটনা কোনো বিচ্ছিন্ন সন্ত্রাসী তৎপরতা নয়; বরং এটি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ও ফ্যাসিবাদী অপশক্তির ঔদ্ধত্যপূর্ণ আস্ফালনের প্রমাণ। সংসদ সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করতেও যদি প্রশাসন ব্যর্থ হয়, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়—এ প্রশ্ন আজ স্বাভাবিকভাবেই সামনে এসেছে।