দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে দলীয় প্রার্থী হিসেবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম ঘোষণা করেছে ক্ষমতাসীন দল বিএনপি।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) দলের স্থায়ী কমিটির সভা শেষে রাষ্ট্রপতি পদে ফখরুলকে প্রার্থী করার সিদ্ধান্ত জানানো হয়।
রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় আজ বৃহস্পতিবার বিকেল ৪টা। নির্বাচন কমিশনের (ইসি) তফসিল অনুযায়ী, সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিতে পারবেন।
এদিকে সংসদের বিরোধী দল ১১ দলীয় জোটের পক্ষ থেকে রাষ্ট্রপতি পদে প্রার্থী করা হয়েছে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদকে। বৃহস্পতিবার দুপুর পৌনে ১২টার দিকে জোটের নেতারা প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের কাছে অলি আহমেদের মনোনয়নপত্র জমা দেন।
এর ফলে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরে এখন পর্যন্ত দুই প্রার্থীর নাম সামনে এসেছে। একজন ক্ষমতাসীন বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং অন্যজন বিরোধী ১১ দলীয় জোটের প্রার্থী অলি আহমদ।
ইসির ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১৬ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৮ আগস্ট। আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২০ আগস্ট।
একজন প্রার্থী একাধিক মনোনয়নপত্র জমা দিতে পারবেন। তবে যাচাই-বাছাইয়ের পর তার একটি মনোনয়নপত্র চূড়ান্ত হিসেবে গণ্য হবে।
জাতীয় সংসদ সদস্যরাই রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেবেন। ফলে মনোনয়নপত্র যাচাই-বাছাই ও প্রত্যাহারের পর চূড়ান্ত প্রার্থীদের মধ্যে আগামী ২০ আগস্ট সংসদে ভোটগ্রহণের মাধ্যমে দেশের নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন।
আরএইচ/