সোমবার, ১০ আগস্ট ২০২৬ ।। ২৬ শ্রাবণ ১৪৩৩ ।। ২৭ সফর ১৪৪৮

শিরোনাম :

তিন মুসলিম দেশের প্রতিরক্ষা চুক্তিকে স্বাগত জানিয়েছে জমিয়ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক

সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের মধ্যে পবিত্র মক্কা মুকাররমায় স্বাক্ষরিত ত্রিপক্ষীয় যৌথ প্রতিরক্ষা চুক্তিকে স্বাগত জানিয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। সংগঠনটি এ চুক্তিকে মুসলিম বিশ্বের নিরাপত্তা, পারস্পরিক সহযোগিতা ও প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ও আশাব্যঞ্জক পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছে। একই সঙ্গে চুক্তির সঙ্গে সংশ্লিষ্ট তিন দেশের সরকার ও জনগণকে অভিনন্দন জানিয়েছে সংগঠনটি।

রোববার (৯ আগস্ট) এক বিবৃতিতে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি শাইখুল হাদিস মাওলানা উবায়দুল্লাহ ফারুক ও মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী এ অভিনন্দন জানান।

বিবৃতিতে জমিয়তের নেতৃদ্বয় বলেন, মুসলিম বিশ্বের বিভিন্ন দেশ যখন নিরাপত্তা ও সার্বভৌমত্বের নানা চ্যালেঞ্জের মুখোমুখি, তখন পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের মতো গুরুত্বপূর্ণ মুসলিম দেশগুলোর মধ্যে পারস্পরিক প্রতিরক্ষা সহযোগিতা প্রতিষ্ঠার উদ্যোগ অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

তারা বলেন, এ ধরনের পারস্পরিক সহযোগিতা মুসলিম দেশগুলোর ঐক্য, সংহতি ও সম্মিলিত নিরাপত্তা নিশ্চিত করার পথকে আরও সুগম করবে বলে তারা আশা করেন।

গত শুক্রবার (৭ আগস্ট) সৌদি আরবের পবিত্র নগরী মক্কা মুকাররমায় সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ানের উপস্থিতিতে সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের মধ্যে ‘মক্কা জয়েন্ট ডিফেন্স অ্যাগ্রিমেন্ট’ নামে ত্রিপক্ষীয় যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়।

চুক্তির অন্যতম মূলনীতি হলো—তিন দেশের যেকোনো একটি দেশের ওপর সশস্ত্র হামলাকে তিন দেশের ওপর হামলা হিসেবে বিবেচনা করা এবং পারস্পরিক প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার করা।

জমিয়তের নেতৃবৃন্দ বলেন, মুসলিম বিশ্বের প্রতিটি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও নিরাপত্তার প্রতি পারস্পরিক সম্মান বজায় রেখে প্রতিরক্ষা, অর্থনীতি ও কূটনীতিসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও সম্প্রসারণ করা প্রয়োজন।

একই সঙ্গে মুসলিম দেশগুলোর মধ্যে বিভেদ ও পারস্পরিক দূরত্ব কমিয়ে ঐক্য ও সংহতি প্রতিষ্ঠায় কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তারা।

তারা আশা প্রকাশ করেন, সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের এ প্রতিরক্ষা চুক্তি মুসলিম বিশ্বের নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় ইতিবাচক ভূমিকা রাখবে। পাশাপাশি ভবিষ্যতে অন্যান্য মুসলিম দেশগুলোর মধ্যেও পারস্পরিক সহযোগিতার নতুন দ্বার উন্মোচিত হবে।

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এ উদ্যোগের জন্য পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের সরকারকে আন্তরিক অভিনন্দন জানিয়ে চুক্তিটির সফল বাস্তবায়ন কামনা করেছে।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ