আওয়ার ইসলাম ডেস্ক
যুক্তরাজ্যের লন্ডনের ডেগেনহামে অবস্থিত তাসনীম জামে মসজিদের উদ্যোগে বৃহস্পতিবার (৬ আগস্ট) এক ইসলামি ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে বিপুলসংখ্যক মুসল্লি, আলেম-উলামা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
মাহফিলে প্রধান অতিথির বক্তব্য দেন খতিবে বাঙ্গাল ও বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ মাওলানা জুনায়েদ আল হাবিব। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী মিডিয়া ভাষ্যকার মুফতি আবদুল মুনতাকিম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তাসনীম জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আশফাকুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা জুনায়েদ আল হাবিব বলেন, মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর আদর্শ অনুসরণই দুনিয়া ও আখেরাতের সফলতার একমাত্র পথ। তিনি বলেন, আল্লাহ তাআলা উম্মতের জন্য পবিত্র কোরআন ও সুন্নাহকে চিরন্তন দিকনির্দেশনা হিসেবে রেখে গেছেন। এই দুই মহান আমানতের সংরক্ষণ, প্রচার ও বাস্তবায়নে কওমি মাদরাসাগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
তিনি বলেন, রাসূলের আদর্শ তথা কুরআন-সুন্নাহ রক্ষায় কওমি মাদরাসা শিক্ষার কোনো বিকল্প নেই। কওমি মাদরাসাকে উম্মতের অন্যতম শ্রেষ্ঠ আমানত উল্লেখ করে তিনি এ শিক্ষাব্যবস্থার সংরক্ষণ ও বিকাশে সর্বাত্মক সহযোগিতার আহ্বান জানান।
বিশেষ অতিথির বক্তব্যে মুফতি আবদুল মুনতাকিম বলেন, দ্বীনি মাহফিলে অংশগ্রহণ আল্লাহর জিকির ও নেক আমলের অন্তর্ভুক্ত। এসব মাহফিল মানুষের ঈমানি চেতনা জাগ্রত করার পাশাপাশি সমাজে ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তিনি তাসনীম জামে মসজিদের বিভিন্ন দ্বীনি ও সামাজিক কার্যক্রমের প্রশংসা করে বলেন, বার্কিং-ডেগেনহাম ও পূর্ব লন্ডন অঞ্চলে মসজিদটি একটি গুরুত্বপূর্ণ ইসলামী কেন্দ্র হিসেবে আরও সমৃদ্ধ হবে বলে তিনি আশা প্রকাশ করেন। ভবিষ্যতে নিয়মিত ইসলামী সম্মেলন, ওয়াজ মাহফিল, শিক্ষা ও দাওয়াতি কার্যক্রমের মাধ্যমে প্রতিষ্ঠানটি এলাকাবাসীর কল্যাণে আরও কার্যকর ভূমিকা রাখবে বলেও মন্তব্য করেন।
অনুষ্ঠানে তাসনীম জামে মসজিদের চেয়ারম্যান মুশাহিদ আলী, সহসভাপতি আব্দুল জলিল, মুজিবুর রহমান ও আজমল আলী, সেক্রেটারি আবু সাদাত, বিশিষ্ট মুরব্বি হাজী জিলাল উদ্দিন, হাজী আনোয়ার হোসেনসহ স্থানীয় আলেম, সমাজসেবী ও বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি উপস্থিত ছিলেন।
শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। মাহফিল শেষে অতিথিদের সম্মানে আপ্যায়নের ব্যবস্থা করা হয়।
এসএইচ/