নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রামের বন্যাদুর্গত মানুষের পাশে সর্বোচ্চ সহযোগিতা নিয়ে এগিয়ে আসতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব অধ্যাপক মোহাম্মদ আব্দুল জলিল।
শনিবার (১১ জুলাই) খেলাফত মজলিস ঢাকা মহানগরী উত্তরের থানা দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
অধ্যাপক আব্দুল জলিল বলেন, সাম্প্রতিক বন্যায় চট্টগ্রামের বিভিন্ন এলাকায় ভয়াবহ মানবিক বিপর্যয় সৃষ্টি হয়েছে। ইতোমধ্যে ৫০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। হাজার হাজার গবাদিপশু এবং লক্ষাধিক মানুষ ভিটেমাটি ও সহায়-সম্বল হারিয়ে মানবেতর জীবনযাপন করছেন। এ সংকটময় সময়ে দুর্গত মানুষের পাশে সর্বোচ্চ সহযোগিতা নিয়ে এগিয়ে আসা সবার নৈতিক দায়িত্ব।
তিনি সরকারকে ত্রাণ কার্যক্রম জোরদার এবং দুর্যোগ মোকাবেলায় কার্যকর ও সমন্বিত ভূমিকা পালনের আহ্বান জানান।
খেলাফত মজলিস ঢাকা মহানগরী উত্তর সভাপতি অধ্যক্ষ মাওলানা সাইফ উদ্দিন আহমেদ খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক শাহাবুদ্দিন আহমেদ খন্দকার।
ঢাকা মহানগরী উত্তর সেক্রেটারি মাওলানা আজিজুল হকের সঞ্চালনায় সমাবেশে আরও উপস্থিত ছিলেন মহানগর সহ-সভাপতি মাওলানা নজরুল ইসলাম মাযহারী, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ এনামুল হক হাসান, সাংগঠনিক সম্পাদক মাওলানা কাউসার আহমদ সোহাইল, প্রশিক্ষণ সম্পাদক ড. মাহমুদুল হাসান কিবরিয়াসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সমাবেশে চট্টগ্রামের বন্যাদুর্গত মানুষের সহায়তায় সংগঠনের পক্ষ থেকে একটি দুর্যোগ মোকাবেলা ও ত্রাণ স্পেশাল টিম গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।
আইও/