বৃহস্পতিবার, ২১ মে ২০২৬ ।। ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ৪ জিলহজ ১৪৪৭


‘স্থানীয় সরকার নির্বাচন দ্রুত না হলে সরকারের প্রতি জনআস্থা আরও কমবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

বাংলাদেশ খেলাফত মজলিসের নেতারা বলেছেন, দ্রুত স্থানীয় সরকার নির্বাচন আয়োজন না করলে সরকারের প্রতি সাধারণ মানুষের আস্থা আরও ক্ষুণ্ন হবে। একইসঙ্গে দলীয় প্রশাসক নিয়োগের মাধ্যমে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো নিয়ন্ত্রণের চেষ্টা রাজনৈতিক অস্থিরতা বাড়াতে পারে বলেও সতর্ক করেছে দলটি।

শনিবার (১৬ মে) বিকেলে রাজধানীর পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির এক সভায় নেতারা এসব কথা বলেন।

সভায় সভাপতিত্ব করেন কমিটির আহ্বায়ক ও দলের কেন্দ্রীয় সিনিয়র নায়েবে আমির মাওলানা ইউসুফ আশরাফ। সভা পরিচালনা করেন দলের কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও কমিটির সদস্য সচিব হাসান জুনাইদ।

সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন, মাওলানা ফজলুর রহমান, মাওলানা জহিরুল ইসলাম, মাওলানা রুহুল আমিন খান, কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা কুরবান আলী এবং সাংগঠনিক সম্পাদক মাওলানা ফয়সাল আহমদসহ নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ বলেন, সদ্য অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচন ঘিরে বিভিন্ন অনিয়ম ও কারচুপির অভিযোগে নির্বাচন কমিশনের প্রতি জনগণের আস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এ অবস্থায় জনগণ দ্রুত স্থানীয় সরকার নির্বাচন প্রত্যাশা করলেও সরকার নির্বাচন না দিয়ে বিভিন্ন সিটি করপোরেশন ও জেলা পরিষদে দলীয় ব্যক্তিদের প্রশাসক হিসেবে নিয়োগ দিচ্ছে।

তারা বলেন, স্থানীয় সরকার প্রতিষ্ঠান জনগণের প্রত্যক্ষ অংশগ্রহণে পরিচালিত হওয়ার কথা। সেখানে দলীয় প্রশাসক নিয়োগ জনমতের পরিপন্থী এবং এটি অতীতের একদলীয় শাসনব্যবস্থার পুনরাবৃত্তির আশঙ্কা তৈরি করছে।

সভা থেকে অবিলম্বে দলীয় প্রশাসক নিয়োগ বাতিল করে পর্যায়ক্রমে সিটি করপোরেশন, উপজেলা পরিষদ, পৌরসভা, জেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদের নির্বাচন আয়োজনের দাবি জানানো হয়।

নেতারা আরও বলেন, দীর্ঘদিন নির্বাচন না থাকায় স্থানীয় পর্যায়ে চাঁদাবাজি, দখলবাজি ও অনিয়ম বেড়েছে। দ্রুত অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন করা হলে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠিত হবে এবং স্থানীয় উন্নয়ন আরও গণমুখী হবে।

তারা নির্বাচন কমিশন, প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে সম্পূর্ণ নিরপেক্ষ থেকে দায়িত্ব পালনের আহ্বান জানান।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ