পটুয়াখালীর কলাপাড়ায় শহীদ ইদ্রিস খান হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ কলাপাড়া উপজেলা শাখা।
বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল ১০টায় বিক্ষোভ মিছিলটি কলাপাড়া উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এবং হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
বিক্ষোভ মিছিলে নেতৃত্ব প্রদান করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কলাপাড়া উপজেলা শাখার আহ্বায়ক আলহাজ্ব মোস্তাফিজুর রহমান।
বিক্ষোভ মিছিলপূর্ব বক্তব্যে আলহাজ্ব মোস্তাফিজুর রহমান বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পরেও ফেসবুকে একটি মন্তব্যের জন্য একজন ব্যক্তিকে পিটিয়ে হত্যা করার মতো বর্বরতা সংগঠিত হওয়া জাতিকে হতবাক করেছে। আমাদের কলাপাড়াকে কলংকিত করেছে এই সন্ত্রাসী জহিরসহ যুবদলের মাস্তানরা। ইসলামী আন্দোলন বাংলাদেশ দাবি জানাচ্ছে যে, অবিলম্বে শহীদ ইদ্রিস খান হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত করে দোষীদের দ্রুত আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে।
এসময় আরও উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সাবেক জয়েন্ট সেক্রেটারি জেনারেল মুফতি উসমান গনী, ইসলামী যুব আন্দোলন, ছাত্র আন্দোলন বাংলাদেশসহ ইসলামী আন্দোলন বাংলাদেশের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের দায়িত্বশীল নেতৃবৃন্দ ও কর্মীরা।
আইএইচ/