বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬ ।। ২৭ ফাল্গুন ১৪৩২ ।। ২৩ রমজান ১৪৪৭

শিরোনাম :
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে উপস্থিত ছিলেন মার্কিন রাষ্ট্রদূত প্রত্যেক শহীদের রক্তের প্রতিশোধ নেবে ইরান: মোজতবা খামেনি বিরোধী দলের ওয়াকআউট নিয়ে প্রশ্ন তুললেন স্বরাষ্ট্রমন্ত্রী ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে পুলিশকে সতর্ক থাকার নির্দেশ ডিএমপির মার্চ মাসজুড়ে পরিশোধিত জ্বালানি তেল রফতানি নিষিদ্ধ করল চীন  ‘দুর্নীতিতে দেশকে চ্যাম্পিয়ন বানিয়েছিল আওয়ামী লীগ’ যুদ্ধ শুরুর পর থেকে মধ্যপ্রাচ্যজুড়ে ১ হাজারের বেশি শিশু হতাহত উখিয়ায় রোহিঙ্গা শিশুদের মাঝে বিআরএফের ঈদ উপহার ত্রয়োদশ সংসদে শোক প্রস্তাবে নিজামী, সাঈদী, হাদিসহ বিভিন্ন নেতার নাম ত্রয়োদশ সংসদে রাষ্ট্রপতির নাম ঘোষণার পরই হট্টগোল

আমির হামজার বিরুদ্ধে ৫০ কোটি টাকার মানহানি মামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কুষ্টিয়া-৩ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ইসলামী বক্তা আমির হামজার বিরুদ্ধে যশোর আদালতে ৫০ কোটি টাকার মানহানি মামলা করা হয়েছে।

বুধবার (২১ জানুয়ারি) দুপুরে যশোর জেলা কৃষকদলের আহ্বায়ক কমিটির সদস্য ও খড়কির বাসিন্দা মেহেদী হাসান জিল্লু বাদী হয়ে মামলাটি করেন।

মামলাটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) যশোরকে তদন্ত করে প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছেন যশোরের অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আছাদুল ইসলাম।

বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী এম এ গফুর।

মামলার বিবরণে বাদী উল্লেখ করেন, ২০২৩ সালে চট্টগ্রামে আয়োজিত একটি মাহফিলে বক্তা হিসেবে উপস্থিত থেকে আমির হামজা সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোকে নিয়ে অশালীন ও সম্মানহানিকর বক্তব্য দেন। একজন মৃত ব্যক্তিকে নিয়ে এমন বক্তব্য শুধু কোকোর ব্যক্তিগত মর্যাদাকেই ক্ষুণ্ন করেনি, বরং এতে পুরো জিয়া পরিবারের সম্মান ক্ষুণ্ন হয়েছে।

বাদীর দাবি, এ ধরনের কটূক্তি ও অসম্মানজনক বক্তব্য জাতীয়তাবাদী চেতনায় বিশ্বাসী মানুষের আবেগ ও মর্যাদাকে আঘাত করেছে। এতে প্রায় ৫০ কোটি টাকার মানহানি হয়েছে। পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আইনি প্রতিকার চেয়ে তিনি বাধ্য হয়েই আদালতের দ্বারস্থ হয়েছেন।

এ বিষয়ে আইনজীবী এম এ গফুর বলেন, ‘একটি স্বাধীনতাবিরোধী চক্র জিয়া পরিবারের নামে কটূক্তি করেছে এবং মানহানিকর বক্তব্য দিয়েছে। আমরা অনতিবিলম্বে তাকে আইনের আওতায় আনার দাবি জানিয়ে মামলা করেছি। আদালত পিবিআইকে তদন্ত করে প্রতিবেদন জমা দিতে বলেছেন।’

অভিযুক্ত আমির হামজা কুষ্টিয়া সদর উপজেলার ডাবিরাভিটা গ্রামের রিয়াজ উদ্দিনের ছেলে। তিনি কুষ্টিয়া-৩ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ