নিজস্ব প্রতিবেদক
ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন সিলেট-৫ আসনে খেলাফত মজলিসের সংসদ সদস্য মুফতি আবুল হাসান।
বুধবার (২ সেপ্টেম্বর) জাতীয় সংসদ অধিবেশনে কণ্ঠভোটে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি গঠনের প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।
এদিকে ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম জামালকে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে।
বুধবার জাতীয় সংসদ অধিবেশনে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে এসব কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করা হয়। সংসদ নেতার অনুমতিক্রমে তাঁর পক্ষে চিফ হুইপ মোহাম্মদ নুরুল ইসলাম পর্যায়ক্রমে বিভিন্ন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেন। পরে কণ্ঠভোটে তা সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।
ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে মুফতি আবুল হাসান এমপির অন্তর্ভুক্তিকে গুরুত্বপূর্ণ দায়িত্ব হিসেবে দেখা হচ্ছে। ধর্ম মন্ত্রণালয়-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়, ধর্মীয় প্রতিষ্ঠান, হজ ও ওমরাহ ব্যবস্থাপনা, ওয়াক্ফসহ ধর্মীয় কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট নানা বিষয়ে সংসদীয় পর্যায়ে এই কমিটি ভূমিকা পালন করে।
মুফতি আবুল হাসান একজন আলেম ও সংসদ সদস্য হিসেবে এই কমিটিতে দায়িত্ব পালন করবেন। তাঁর ইলমি ও ধর্মীয় অভিজ্ঞতা কাজে লাগিয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের বিভিন্ন কার্যক্রমে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
এদিকে কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে ঢাকা-৩ আসনের সংসদ সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কে। শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত কমিটির সভাপতি হয়েছেন কুমিল্লা-২ আসনের মো. সেলিম ভূঁইয়া।
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত কমিটির সভাপতি হয়েছেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সেলিমা রহমান। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত কমিটির সভাপতি করা হয়েছে খুলনা-৩ আসনের রকিবুল ইসলাম বকুলকে।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত কমিটির সভাপতি হয়েছেন টাঙ্গাইল-৭ আসনের আবুল কালাম আজাদ সিদ্দিকী। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত কমিটির সভাপতি করা হয়েছে সুনামগঞ্জ-৫ আসনের কলিম উদ্দিন আহমেদকে।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত কমিটির সভাপতি হয়েছেন ঢাকা-২ আসনের মোহাম্মদ আমানউল্লাহ আমান। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত কমিটির সভাপতি করা হয়েছে হবিগঞ্জ-৩ আসনের আলহাজ্ব জি কে গাউসকে।
ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হয়েছেন মৌলভীবাজার-৩ আসনের নাসের রহমান।
আইও/