সোমবার, ২৯ জুন ২০২৬ ।। ১৫ আষাঢ় ১৪৩৩ ।। ১৪ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :

২৯ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন। একই সঙ্গে স্টার্টআপ ও বিজ্ঞান প্রকল্প–সংশ্লিষ্ট কার্যক্রমেরও উদ্বোধন করেন তিনি। দেশের ২৯ হাজার ৬২১টি শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে এ কর্মসূচি পালন করা হচ্ছে।

সোমবার (২৯ জুন) রাজধানীর চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কর্মসূচির উদ্বোধন করেন। অনুষ্ঠানে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রী বলেন, এখানে অনেক শিক্ষক-শিক্ষার্থীকে দেখতে পাচ্ছি। আমি একটি নিমগাছ রোপণ করলাম। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সৌদি আরবে এক লাখ নিমগাছের চারা পাঠিয়েছিলেন। সেই গাছগুলো সৌদি আরবে জিয়া ট্রি নামে পরিচিত।

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, প্রত্যেকে একটি করে গাছ রোপণ করবে। শিক্ষকদেরও অনুরোধ করব, শিক্ষার্থীদের এ কাজে উৎসাহিত করবেন। আগে দেশে অনেক বৃষ্টি হতো, এখন বৃষ্টিপাত কমে গেছে। নির্বিচারে গাছ কাটার ফলে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হচ্ছে। তাই প্রতি বর্ষা মৌসুমে অন্তত একটি করে গাছ লাগানোর চেষ্টা করতে হবে।

প্রধানমন্ত্রী আরও বলেন, শিক্ষার্থীরা প্রতি বছর একটি করে গাছের চারা রোপণ করবে। পরিবারের নতুন কোনো ভাই বা বোন জন্ম নিলে তাদের নামেও একটি করে গাছ লাগাবে। এতে যেমন শিশুটি বড় হবে, তেমনি গাছটিও বড় হবে।

এর আগে বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, তিনি বিশ্বাস করেন, বিএনসিসি দেশের উন্নয়ন ও অগ্রগতিতে নেতৃত্ব দিতে সক্ষম হবে। তিনি শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

এ কর্মসূচিতে বগুড়া থেকে ভার্চুয়ালি অংশ নেয় শিবগঞ্জ উপজেলার বেতগাড়ি মীর শাহে আলম বালিকা উচ্চ বিদ্যালয়।

আইও


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ