বুধবার, ১৭ জুন ২০২৬ ।। ২ আষাঢ় ১৪৩৩ ।। ২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :

তাজিয়া মিছিলে অস্ত্র প্রদর্শন ও পটকা ফোটানো নিষিদ্ধ: ডিএমপি


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

তাজিয়া মিছিল ও পবিত্র আশুরা উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে দা, ছুরি, কাস্তে, বর্শা, বল্লম, তরবারি, লাঠিসহ যেকোনো ধরনের ধারালো বা দেশীয় অস্ত্র বহন এবং আতশবাজি ও পটকা ফোটানো সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ।

মঙ্গলবার (১৬ জুন) ডিএমপি হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে ঢাকা মহানগর এলাকার নিরাপত্তা, আইনশৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত সমন্বয় সভায় সভাপতির বক্তব্যে তিনি এ নির্দেশনা দেন।

আগামী ২৬ জুন পবিত্র আশুরা উদযাপন এবং তাজিয়া মিছিল শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়।

ডিএমপি কমিশনার বলেন, আশুরার সব কর্মসূচি নির্বিঘ্নে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে দায়িত্ব পালন করতে হবে। কেউ যেন কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সেদিকে সর্বোচ্চ সতর্কতা বজায় রাখতে হবে।

তিনি আরও জানান, হোসাইনী দালান ইমামবাড়া এলাকা সম্পূর্ণভাবে সিসি ক্যামেরার আওতায় থাকবে। সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে পুরো এলাকায় ডগ স্কোয়াড ও ম্যানুয়াল সুইপিং পরিচালনা করা হবে। পাশাপাশি প্রবেশপথে আর্চওয়ে ও মেটাল ডিটেক্টরের মাধ্যমে তল্লাশি করা হবে।

নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে ইউনিফর্মধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা পুলিশ মোতায়েন থাকবে বলেও জানান তিনি।

সভায় ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (অপারেশনস) মোহাম্মদ শহীদুল্লাহ পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে সামগ্রিক নিরাপত্তা পরিকল্পনা উপস্থাপন করেন।

এ সময় আয়োজক প্রতিনিধি, বিভিন্ন গোয়েন্দা সংস্থা, স্বাস্থ্য অধিদপ্তর, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন, ঢাকা ওয়াসা, ফায়ার সার্ভিসসহ বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত থেকে মতামত দেন।

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ