পবিত্র রবিউল আউয়াল মাস উপলক্ষে আজ শনিবার (১৩ সেপ্টেম্বর) থেকে শুরু হয়েছে মাসব্যাপী আন্তর্জাতিক ইসলামি বইমেলা-২০২৫। জাতীয় মসজিদ বাইতুল মোকাররম প্রাঙ্গণে আয়োজিত এ মেলার উদ্বোধন করেন অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।
মেলা কমিটির সদস্য ও রুহামা পাবলিকেশনের প্রকাশক রফিকুল ইসলাম জানান, এ বছর দেশি-বিদেশি মিলিয়ে প্রায় শতাধিক প্রকাশনা প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। স্বচ্ছ প্রক্রিয়ায় মোট ১৪০টি স্টল (সিঙ্গেল ও ডাবল) বরাদ্দ দেওয়া হয়েছে। প্রথমবারের মতো মেলার পরিসর বাইতুল মোকাররমের পূর্ব গেট থেকে দৈনিক বাংলার মেইন রোড পর্যন্ত বিস্তৃত করা হয়েছে।
পাঠক ও দর্শনার্থীদের জন্য থাকছে—শিশুচত্বর, মিডিয়া কর্নার, নারীদের আলাদা বসার স্থান, লিটল ম্যাগাজিন কর্নার, লেখক কর্নার, চা-কফি ও ফুড কর্নার এবং ইনফরমেশন সেন্টার। এছাড়া বিশাল মঞ্চে আয়োজিত হবে লেখক-প্রকাশক-পাঠক মিলনমেলা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও নতুন বইয়ের মোড়ক উন্মোচন।