ছয় দাবি নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) থেকে লাগাতার অবস্থান কর্মসূচি ঘোষণা করেছেন চাকরিচ্যুত বিডিআর সদস্যরা। বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে এসব বিডিআর সদস্য ও তাদের পরিবারের সদস্যরা সচিবালয় অভিমুখে পায়ে হেঁটে রওনা দিয়েছেন। পুলিশের ব্যারিকেড ও জলকামান উপেক্ষা করেই সামনে এগিয়ে গেছেন তারা। এসময় তাদের অনেককে শিক্ষা ভবন সংলগ্ন সড়কে বসে পড়তে দেখা যায়।
সংশ্লিষ্টরা বলছেন, চাকরিচ্যুত বিডিআর সদস্যদের চাকরিতে পুনর্বহাল এবং কারাবন্দিদের মুক্তিসহ মোট ছয় দফা দাবি বাস্তবায়নের জন্যই সচিবালয় অভিমুখে করেছেন তারা। বিডিআর কল্যাণ পরিষদ ব্যানারে এ কর্মসূচি পালিত হচ্ছে।
সংগঠনটির সভাপতি ফয়জুল আলম বলেন, পিলখানা হত্যাকাণ্ডে হয়রানিমূলক মিথ্যা মামলায় নিরপরাধ জেলবন্দিদের মুক্তি দিতে হবে। অন্যায়ভাবে যাদের চাকরিচ্যুত করা হয়েছে তাদের সরকারি সকল প্রকার ক্ষতিপূরণসহ ছয় দফা অনতিবিলম্বে বাস্তবায়ন করতে হবে। দাবি আদায়ে ১১, ১২ ও ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত আমরা লাগাতার শহীদ মিনারে অবস্থান করব। এর মধ্যে ছয় দফা বাস্তবায়ন না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করবেন বলে হুঁশিয়ারি দেন তিনি।