ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের হাতে গুম হওয়ার ব্যক্তিরা এখনও ভয়ে মুখ খুলছে না বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তাদের ভয় কিছুতেই কাটছে না এজন্য যে হঠাৎ যদি ওই জালেমরা আবার ক্ষমতায় আসে, তাহলে তাদের প্রতি এরা নৃশংসতম হবে। তাদের নিরাপত্তায় সরকার সব কিছু করছে।
মহান বিজয় দিবস উপলক্ষ্যে সোমবার (ডিসেম্বর ১৬) সকাল ১০টায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি একথা বলেন।
সম্প্রতি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে গুম সংক্রান্ত তদন্ত কমিশন বিগত সরকারের হাতে খুন গুম হওয়ার ব্যক্তিদের নিয়ে একটি প্রতিবেদন জমা দিয়েছে। ‘আনফোল্ডিং দ্য ট্রুথ’ শিরোনামে জমা দেওয়া রিপোর্টে কমিশন সদস্যরা এখন পর্যন্ত পাওয়া এক হাজার ৬৭৬টি অভিযোগের মধ্যে ৭৫৮ জনের অভিযোগ যাচাই-বাছাই করেছেন। গুমের ঘটনায় নির্দেশদাতা হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পৃক্ততার প্রমাণ পেয়েছে কমিশন।