দেশের প্রাজ্ঞ আলেম ও মুসলিম নেতৃবৃন্দের প্রতি বিশেষ ধন্যবাদ জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম। একই সঙ্গে তিনি ছাত্র জনতাকে অভিবাদন জানিয়েছেন।
বুধবার (২৭ নভেম্বর) বিকেলে মাহফুজ আলম তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে 'বাংলাদেশ আর কারো ষড়যন্ত্রের সামনে পরাস্ত হবে না' বলে মন্তব্য করেন।
তিনি বলেন, ছাত্র জনতাকে অভিবাদন! দায়িত্ব ও দরদের নজির দেখিয়ে আপনারা বাংলাদেশকে গর্বিত করেছেন। বাংলাদেশ আর কারো ষড়যন্ত্রের সামনে পরাস্ত হবে না। ইনশাআল্লাহ।
ওই স্ট্যাটাসে মাহফুজ আলম বলেন, আমাদের ব্যক্তি ও সমষ্টির 'শক্তি' সাধনায় দরদি ও দায়িত্ববান হয়ে রাজনৈতিক জনগোষ্ঠী হয়ে ওঠা মোক্ষ। আমাদের এ অভ্যন্তরীণ শক্তি যে কোন বহি:শত্রুকে পর্যুদস্ত করবে।