রাজধানী ঢাকা মহানগর এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধে হাইকোর্টের নির্দেশের বিরুদ্ধে আপিল বিভাগে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে সরকার। রবিবার (২৪ নভেম্বর) ডেপুটি অ্যাটর্নি জেনারেল নূর মুহাম্মদ আজমী এই তথ্য নিশ্চিত করে বলেছেন, আপিলের আবেদন প্রস্তুতির কাজ চলছে।
এর আগে, গত ১৯ নভেম্বর হাইকোর্ট ঢাকা মহানগর এলাকায় তিন দিনের মধ্যে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধের নির্দেশ দেন। একইসঙ্গে কেন এ যান চলাচল বন্ধে কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তাকে বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন আদালত। প্যাডেলচালিত রিকশা মালিকদের করা এক রিটের প্রেক্ষিতে এই আদেশ আসে।
এরপর হাইকোর্টের নির্দেশের পর থেকেই উত্তাল হয়ে উঠেছে রাজধানীর বিভিন্ন সড়ক। ব্যাটারিচালিত রিকশাচালকরা মূল সড়কে চলাচলের অনুমতি এবং হাইকোর্টের নির্দেশ প্রত্যাহারের দাবিতে আন্দোলন শুরু করেন। রবিবার (২৪ নভেম্বর) নবীনগর বেড়িবাঁধ, মোহাম্মদপুর, মিরপুর, গাবতলীসহ বিভিন্ন এলাকায় চালকরা সড়ক অবরোধ করেন। এতে যানজট সৃষ্টি হয়ে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।