সরকার সর্বজনীন পেনশন স্কিম চালুর প্রথম এক মাসে প্রায় ১৩ হাজার মানুষ নিবন্ধন করে চাঁদা পরিশোধ করেছে। তাদের জমা দেওয়া চাঁদার পরিমাণ ৭ কোটি ৭২ লাখ টাকার ওপরে।
জানা গেছে, প্রথমদিকে সর্বজনীন পেনশনে মানুষের যে হারে সাড়া পাওয়া যায়, পরবর্তীতে তা কিছুটা কমে আসে। ফলে প্রথম মাস শেষে সর্বজনীন পেনশনে চাঁদা পরিশোধকারীর সংখ্যা দাঁড়িয়েছে ১২ হাজার ৯৯৯ জনে। আর তাদের জমা দেওয়া চাঁদার পরিমাণ ৭ কোটি ৭২ লাখ ৪৭ হাজার ৫০০ টাকা।
সর্বজনীন পেনশন কর্তৃপক্ষের সদস্য গোলাম মোস্তফা এ তথ্য নিশ্চিত করেছেন। জমা পড়া চাঁদার টাকা বিনিয়োগের কোনো সিদ্ধান্ত হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, জমা পড়া চাঁদার পরিমাণ খুব বেশি না। আমরা আর একটু অপেক্ষা করবো। টাকার অঙ্ক আরও বাড়লে আমরা বিনিয়োগে যাবো।
