|| ইমরান ওবাইদ ||
সুস্থতা মানুষের জীবনের অন্যতম শ্রেষ্ঠ নিয়ামত। শরীর সুস্থ থাকলে যেমন দৈনন্দিন কাজকর্ম ও জীবিকা নির্বাহ সহজ হয়, তেমনি ইবাদত-বন্দেগিতেও মনোযোগ ও প্রশান্তি আসে। বিপরীতে অসুস্থতা মানুষের কর্মক্ষমতা কেড়ে নেয় এবং ইবাদতকেও কঠিন করে তোলে। বর্তমান সময়ে অধিকাংশ রোগব্যাধির অন্যতম প্রধান কারণ হলো অতিরিক্ত পানাহার। আধুনিক চিকিৎসাবিজ্ঞানও বলছে, প্রয়োজনের অতিরিক্ত খাদ্য গ্রহণ ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, স্থূলতা ও হৃদরোগসহ নানান জটিল রোগব্যাধির ঝুঁকি বাড়িয়ে দেয়।
ডায়াবেটিসের কারণ ও প্রতিরোধের উপায়:
বিশ্বজুড়ে মূলত চাহিদার চেয়ে বেশি ক্যালরি গ্রহণ এবং সে তুলনায় শারীরিক পরিশ্রম কম করার ফলেই ডায়াবেটিসের প্রকোপ বাড়ছে। শরীরে বাড়তি ক্যালরি জমতে থাকলে রক্তে শর্করার ভারসাম্য নষ্ট হয়। যা শরীরের জন্য ক্ষতিকর।
ডায়াবেটিস একবার দেখা দিলে তা সম্পূর্ণ নির্মূল করা কঠিন হলেও সুশৃঙ্খল জীবনযাপন, পরিমিত খাদ্যাভ্যাস এবং নিয়মিত শারীরিক শ্রমের মাধ্যমে এর ঝুঁকি অনেকটাই প্রতিরোধ করা যায়। পাশাপাশি রোগটি নিয়ন্ত্রণে রাখলে কিডনি, চোখ বা হৃদযন্ত্রের মতো অঙ্গের জটিলতাও এড়ানো সম্ভব।
রোগ নিয়ন্ত্রণে পরিমিত পানাহারের নির্দেশনা:
পবিত্র কোরআনুল কারীম ও হাদিস শরীফ বিশ্লেষণ করলে দেখা যায়, ইসলামী জীবনব্যবস্থায় স্বাস্থ্য সুরক্ষা ও সংযমের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। আল্লাহ তায়ালা মানুষকে দুর্বল করে সৃষ্টি করেছেন, তাই বেঁচে থাকার জন্য পানাহার অপরিহার্য; তবে তা হতে হবে সীমার মধ্যে, লোভ বা প্রবৃত্তির তাড়নায় নয়। মনের লোভ বা চোখের ক্ষুধাবশত অতিরিক্ত পানাহার ইসলামে নিষিদ্ধ।
পবিত্র কোরআনে আল্লাহ তায়ালা বলেন, ‘তোমরা খাও এবং পান কর, তবে অপচয় করো না। অবশ্যই আল্লাহ তা'আলা অপচয়কারীকে পছন্দ করেন না।’ —সূরা আ'রাফ: আয়াত-৩১
পবিত্র কোরআনুল কারীমের পাশাপাশি একাধিক হাদিসেও বর্ণিত রয়েছে পরিমিত পানাহারের নির্দেশনা। হযরত মিকদাদ ইবনে মা'দী কারাব রাযিআল্লাহু তায়ালা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মানুষ যেসব পাত্র পূর্ণ করে সেগুলোর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট পাত্র হলো পেট। একজন মানুষের জন্য যথেষ্ট হলো মেরুদণ্ড সোজা রাখার জন্য যে পরিমাণ আহার প্রয়োজন সে পরিমাণ আহার গ্রহণ করা। যদি কারো এর চেয়ে বেশি আহার প্রয়োজন হয়, সে যেন পেটের তিন ভাগের এক ভাগ খাদ্য, এক ভাগ পানি, আর এক ভাগ খালি রেখে আহার গ্রহণ করে। (সুনানে তিরমিযী)
হযরত ইবনে ওমর রাযিআল্লাহু তায়ালা আনহু থেকে বর্ণিত আছে, আমি রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, মোমিন এক উদরে খায়, আর কাফের সাত উদর পূর্তি করে খায়। (বুখারী শরীফ)
অর্থাৎ যারা মোমিন, তারা শুধু ক্ষুধা নিবারণের জন্য আহার করে। আর যারা কাফের, তারা চোখ, কান, জিহবা, পেট, মনসহ প্রবৃত্তির সকল চাহিদা পূর্ণ করে আহার করে।
নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর খাদ্যাভ্যাস সম্পর্কে হযরত আয়েশা (রা.) বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো পেট পূর্ণ করে আহার করেননি। —তাফসীরে সায়ালাবী: খণ্ড-৫, পৃষ্ঠা-৩৩২
হযরত আনাস রাযিআল্লাহু তায়ালা আনহু হতে বর্ণিত আছে, নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, রোগের মূল হলো উদর পূর্তি করে আহার করা। তাবারানী: খণ্ড-১, পৃষ্ঠা-১৪৫
আল্লাহ তায়ালার মনোনীত দ্বীন-ইসলাম মানবিক ধর্ম। এ ধর্মের প্রতিটি বিধানই মানুষের কল্যাণ ও সুরক্ষার জন্য নির্ধারিত। পরিমিত পানাহার যেমন আত্মসংযম ও ইবাদতের শক্তি জোগায়, তেমনি ডায়াবেটিসসহ নানান জটিল রোগ থেকেও শরীরকে রক্ষা করে। তাই সুস্থ ও সুন্দর জীবন গঠনে কোরআন-হাদিসের এই সংযমী নীতি অনুসরণের কোনো বিকল্প নেই।
আইও/