শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ ।। ৮ কার্তিক ১৪৩৩ ।। ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৮


জাতিসংঘ দিবস আজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

২৪ অক্টোবরে প্রতি বছরের মতো এবারও বিশ্বের সব স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রে উদযাপিত হতে যাচ্ছে জাতিসংঘ দিবস। সাধারণ পরিষদের সিদ্ধান্ত অনুসারে জাতিসংঘ সনদ অনুমোদনের দিনে ১৯৪৮ সালে এ দিবস পালনের জন্য নির্দিষ্ট করা হয়েছিল।

জাতিসংঘ (United Nations-UN) বিশ্বের বিভিন্ন জাতির সমন্বয়ে গঠিত একটি আন্তর্জাতিক সংস্থা।‘জাতিসংঘ’ নামটি প্রস্তাব করেন মার্কিন প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি. রুজভেল্ট। বর্তমানে এর সদস্যরাষ্ট্রের সংখ্যা ১৯৩টি। এর পতাকার রং নীল ও সাদা। জাতিসংঘের সদর দপ্তর যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের ম্যানহাটানে অবস্থিত।

বাংলাদেশ ১৯৭৪ খ্রিস্টাব্দের ১৭ সেপ্টেম্বর জাতিসংঘের ১৩৬তম সদস্যরাষ্ট্র হিসেবে সদস্যপদ লাভ করে। জাতিসংঘের মহাসচিব সংস্থাটির প্রধান প্রশাসনিক কর্মকর্তা। বর্তমান মহাসচিব আন্তোনিও গুতেরেস। 

জাতিসংঘের প্রধান অঙ্গসংস্থা রয়েছে  ৬টি। এগুলো হলো- সাধারণ পরিষদ, নিরাপত্তা পরিষদ, অর্থনৈতিক ও সামাজিক পরিষদ, সচিবালয়, অছি পরিষদ এবং আন্তর্জাতিক বিচার আদালত। এ ছাড়া জাতিসংঘের বিভিন্ন বিশেষায়িত ও উন্নয়নমূলক সংস্থার মধ্যে রয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO), ইউনেসকো (UNESCO), ইউনিসেফ (UNICEF), জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (UNDP), খাদ্য ও কৃষি সংস্থা (FAO) এবং বিশ্বব্যাংক।

এ ছাড়া জাতিসংঘের নিরাপত্তা পরিষদ মোট ১৫টি সদস্যরাষ্ট্র নিয়ে গঠিত। এর মধ্যে ৫টি স্থায়ী ও ১০টি অস্থায়ী সদস্যরাষ্ট্র রয়েছে। স্থায়ী সদস্যরাষ্ট্রগুলো হলো- যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া ও চীন। স্থায়ী সদস্যরাষ্ট্রগুলোর ভেটো প্রদানের ক্ষমতা রয়েছে।

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ