বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২১ রবিউল আউয়াল ১৪৪৮


ভারতে সড়ক প্রশস্তকরণের নামে ভেঙে ফেলা হলো দুই ঐতিহাসিক মসজিদের আংশিক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

আন্তর্জাতিক ডেস্ক

ভারতের মধ্যপ্রদেশের উজ্জয়িনে সড়ক প্রশস্তকরণের নামে ঐতিহাসিক দুটি মসজিদের আংশিক অংশ ভেঙে দিয়েছে পৌর কর্তৃপক্ষ।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) কেডি গেট সড়ক প্রশস্তকরণ প্রকল্পের অংশ হিসেবে প্রায় ১৫০ বছরের পুরোনো মদিনা মসজিদের একটি অংশ ভারী যন্ত্রপাতি ও জেসিবি দিয়ে অপসারণ করা হয়।

একই অভিযানে কেডি রোডের জামিয়াতুল কুরাইশ কাসাবান মসজিদেরও কিছু অংশ ভাঙা হয়। এ সময় স্থানীয় মুসলিম সম্প্রদায়ের সদস্যরা ঘটনাস্থলে প্রতিবাদ জানালে তাদের সঙ্গে পুলিশের উত্তপ্ত বাক্যবিনিময় হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত নিরাপত্তা সদস্য মোতায়েন করা হয়।

উজ্জয়িন পৌর করপোরেশনের অতিরিক্ত মিউনিসিপ্যাল কমিশনার (সিংহস্থ) সন্তোষ ঠাকোরে বলেন, সড়ক প্রশস্তকরণের জন্য নির্ধারিত এলাকার মধ্যে মসজিদগুলোর কিছু অংশ পড়েছে। সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয়ের ভিত্তিতেই কার্যক্রম পরিচালনা করা হয়েছে বলে দাবি করেন তিনি।

তবে মসজিদ দুটির প্রতিনিধিরা এ ঘটনায় তাদের উদ্বেগের কথা প্রশাসনের কর্মকর্তাদের জানান। পরে সেখানে পৌরসভার কর্মকর্তা-কর্মচারী ও পুলিশ সদস্যদের উপস্থিতিতেই ভাঙার কাজ অব্যাহত থাকে।

মদিনা মসজিদ কমিটির সদস্য শহিদ খান বলেন, মসজিদটির ইতিহাস প্রায় ১০০ থেকে ১৫০ বছরের। সড়ক প্রশস্তকরণ প্রকল্পে সহযোগিতার অংশ হিসেবে স্থানীয় মুসলিমরা এরই মধ্যে নিজেদের দোকানের কিছু অংশ ছেড়ে দিয়েছেন।

উজ্জয়িন শহরের কাজি খালিকুর রহমান জানান, বিষয়টি প্রশাসনের সঙ্গে অনুষ্ঠিতব্য পরবর্তী বৈঠকে উত্থাপন করা হবে।

স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, ২০২৮ সালে উজ্জয়িনে অনুষ্ঠিতব্য সিংহস্থ মেলার প্রস্তুতির অংশ হিসেবে কেডি রোড প্রশস্তকরণ প্রকল্পটি এগিয়ে নেওয়া হচ্ছে। এরই অংশ হিসেবে সড়কের জন্য নির্ধারিত জায়গা খালি করতে ঐতিহাসিক স্থাপনাগুলোর কিছু অংশ অপসারণ করা হয়েছে।

সূত্র: মুসলিম মিরর

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ