
|
বিএনপি একটি অজনপ্রিয় সরকারে পরিণত হয়েছে: আসিফ মাহমুদ
প্রকাশ:
০৬ জুন, ২০২৬, ০৭:৩১ বিকাল
নিউজ ডেস্ক |
জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন, বিএনপি তাদের সাংগঠনিক অদক্ষতা ও রাজনৈতিক বিশৃঙ্খলার কারণে সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্যতা হারিয়ে একটি অজনপ্রিয় সরকারে পরিণত হয়েছে। শনিবার (৬ জুন) দুপুরে কুমিল্লার দেশপ্রিয় কনভেনশন হলে এনসিপির ঈদ-পূণর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন, নির্বাচনের পূর্বে যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলেই তখন বলতো নির্বাচিত সরকার ক্ষমতায় আসলে সব ঠিক হয়ে যাবে। দেশে হত্যা, ধর্ষণ, আন্দোলন যেকোনো ঘটনা ঘটলেই এসব নির্বাচিত সরকারের বন্দনা শুরু হতো। কিন্তু নির্বাচিত সরকারের আমলে এগুলা আরো দিন দিন বাড়তেছে। দেশের দ্রব্যমূল্যের দাম বাড়ছে। বিদ্যুৎ ও গ্যাসের দাম বাড়ছে। গত সতেরো বছরে যেই দাম বাড়ে নাই গত তিন মাসে এর চেয়ে বেশি দাম বাড়ছে। বিএনপি বেশিদিন দেশ চালাতে পারবে না বলে আসিফ মাহমুদ বলেন, ক্রাইসিস মুহূর্তে বিএনপি সঠিকভাবে পরিস্থিতি মোকাবেলা করতে পারেনা। বিএনপি সরকার যেখানে ঘোষণা দিয়েছিলো দুই বছরে কোন কিছুর দাম বাড়বে না সেখানে দুই মাসের ব্যবধানে বিদ্যুৎ ও গ্যাসের দাম বৃদ্ধি জনগণকে হতাশ করেছে। এনসিপির সাংগঠনিক কার্যক্রম প্রসঙ্গে আসিফ মাহমুদ বলেন, আমরা ইতোমধ্যে দেশের তৃতীয় রাজনৈতিক শক্তি হিসেবে আবির্ভূত হয়েছি। দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে আমরাই সর্বপ্রথম ছায়া বাজেট প্রণয়ন করেছি। জনগণের প্রত্যাশা ও রাষ্ট্র সংস্কারের লক্ষ্য নিয়েই আমরা এগিয়ে যাচ্ছি। তিনি বলেন, দেশের সর্বস্তরের মানুষের ভালোবাসা ও সমর্থন এনসিপির প্রতি রয়েছে। সিটি করপোরেশন নির্বাচন থেকে শুরু করে সব ধরনের নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছি। আগামী শীতের মধ্যেই কয়েক ধাপে বিভিন্ন নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এনসিপি যুগ্ম মুখ্য সমন্বয়ক নাভিদ নওরোজ শাহ্এ-র সভাপতিত্বে অনুষ্ঠানে জাতীয় যুবশক্তির সভাপতি ও কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র প্রার্থী তারিকুল ইসলাম, জাতীয় ছাত্রশক্তির সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদারসহ এনসিপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ, বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সমর্থকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে এনসিপিতে যোগদান করছেন নাগরিক ঐক্য বাংলাদেশ কুমিল্লা জেলার সাবেক সভাপতি অ্যাডভোকেট এস আলম মজুমদার মোহন,আপ বাংলাদেশ কুমিল্লা মহানগর সাবেক আহ্বায়ক, সদস্য সচিব ডা. মো. লোকমান হোসাইন,আপ বাংলাদেশ যুব উইং সদস্য সচিব আব্দুর রহিম, যুগ্ম সদস্য সচিব ইব্রাহিম খলিল রাজু, মেহেদী হাসান সিয়াম,মাও আব্দুলাহ আল নোমান, মো. শাকিল রহমান (সংগঠক),সাদেক উল্লাহ, মুশফিকুর রহমান তামিম, মো. সাইফুল ইসলাম। আরএইচ/ |