নিজস্ব প্রতিবেদক
ক্যানসারে আক্রান্ত হেফাজতে ইসলাম বাংলাদেশের সাবেক আমির আল্লামা জুনায়েদ বাবুনগরীর ব্যক্তিগত সহকারী মাওলানা এনামুল হাসান ফারুকীর চিকিৎসায় আর্থিক সহায়তার হাত বাড়িয়েছেন পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী। তিনি মাওলানা ফারুকীর চিকিৎসার জন্য ৫ লাখ টাকা আর্থিক সহায়তা দিয়েছেন।
সোমবার (৭ সেপ্টেম্বর) মাওলানা ফারুকী তার সামাজিক যোগাযোগমাধ্যমের এক পোস্টে এ তথ্য জানিয়ে পানিসম্পদ মন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি লক্ষ্মীপুর জেলা হেফাজতে ইসলাম ও সহযোগিতার সঙ্গে সংশ্লিষ্ট সবার প্রতিও কৃতজ্ঞতা জানান তিনি।
মাওলানা ফারুকী বলেন, গলার সার্জারির জন্য এখনো প্রায় ১৫ লাখ টাকা প্রয়োজন। আল্লাহর রহমতে বাকি অর্থের ব্যবস্থা এবং তার সার্জারি সহজ ও সফল হওয়ার জন্য তিনি সবার কাছে দোয়া কামনা করেন।
এর আগে গত বছর মাওলানা ফারুকীর পাশে দাঁড়ায় ‘আমরা বিএনপি পরিবার’। বিএনপির চেয়ারম্যান ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে তাকে নগদ অর্থ সহায়তা দেওয়া হয়।
মাওলানা ফারুকীর ঘনিষ্ঠরা জানান, ২০২১ সালের মোদিবিরোধী আন্দোলনের সময় তিনি একাধিক মামলায় গ্রেপ্তার হয়ে দীর্ঘ সময় কারাভোগ করেন। তাদের দাবি, দীর্ঘ রিমান্ড ও চিকিৎসাবিহীন অবস্থায় কারাবাসের কারণে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। বর্তমানে তিনি ক্যানসারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন।
এর আগে দেশের বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে এবং ভারতের চেন্নাই সিএমসি হাসপাতালে প্রায় এক বছর চিকিৎসা নেন মাওলানা ফারুকী। গত বছর চীনের গুয়াংজু হাসপাতালে তার বড় ধরনের অস্ত্রোপচার হয়। এখনো তার চিকিৎসা চলছে এবং তা অনেক ব্যয়বহুল।
এসএইচ/