শনিবার, ২৩ মে ২০২৬ ।। ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ৬ জিলহজ ১৪৪৭


রামিসা হত্যাকাণ্ডে ক্ষোভ প্রকাশ হেফাজতের, দৃষ্টান্তমূলক বিচার দাবি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তারের ধর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনায় গভীর শোক, তীব্র ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। সংগঠনটি এ ঘটনাকে ‘পাশবিক, নৃশংস ও মানবতাবিরোধী’ উল্লেখ করে দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানিয়েছে।

শনিবার (২৩ মে) গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিববুল্লাহ বাবুনগরী এবং মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমান বলেন, একটি নিষ্পাপ শিশুর এমন মর্মান্তিক পরিণতি শুধু একটি পরিবারের নয়, পুরো জাতির বিবেককে নাড়িয়ে দিয়েছে। তারা নিহত রামিসার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

নেতৃদ্বয় বলেন, একটি সভ্য ও ন্যায়ভিত্তিক রাষ্ট্রে শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্র ও সমাজের অন্যতম প্রধান দায়িত্ব। কিন্তু সাম্প্রতিক সময়ে নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ ও হত্যার ধারাবাহিক ঘটনায় মানুষ গভীর উদ্বেগ ও আতঙ্কের মধ্যে রয়েছে। রামিসা হত্যাকাণ্ড সেই ভয়াবহ বাস্তবতারই নির্মম প্রতিচ্ছবি।

বিবৃতিতে তারা সরকারের সংশ্লিষ্ট বিভাগ, আইনশৃঙ্খলা বাহিনী ও বিচার বিভাগের প্রতি জোর দাবি জানিয়ে বলেন, ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ ও দ্রুত তদন্ত সম্পন্ন করে জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। বিচার প্রক্রিয়ায় কোনো ধরনের গাফিলতি বা দীর্ঘসূত্রতা জনগণের ন্যায়বিচারের প্রত্যাশাকে ক্ষুণ্ন করবে বলেও মন্তব্য করেন তারা।

হেফাজতে ইসলামের নেতারা আরও বলেন, কেবল আইন প্রয়োগের মাধ্যমে নয়; পরিবার, সমাজ ও রাষ্ট্রের সমন্বিত উদ্যোগে নৈতিক, ধর্মীয় ও মানবিক মূল্যবোধ জাগ্রত করার মাধ্যমেই নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে কার্যকর সামাজিক প্রতিরোধ গড়ে তোলা সম্ভব।

পরিশেষে তারা মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করে বলেন, আল্লাহ যেন শিশু রামিসাকে জান্নাতুল ফেরদৌস দান করেন, তার পরিবারকে ধৈর্য ধারণের তাওফিক দেন এবং সমাজকে এ ধরনের জঘন্য অপরাধ থেকে হেফাজত করেন।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ