আম্মার হোসাইন
দুর্নীতি আজ জাতির দেহে প্রবিষ্ট এক গভীর বিষরস। এর শিকড় সমাজের প্রতিটি স্তরে এমনভাবে প্রোথিত যে, সততা এখন পরিণত হয়েছে নির্বাসিত এক মহত্ত্বে। আমরা প্রতিদিন উচ্চারণ করি স্বচ্ছতার শপথ, জবাবদিহির আহ্বান, ন্যায়ের মন্ত্র— অথচ বাস্তবতার আয়নায় প্রতিফলিত হয় সম্পূর্ণ ভিন্ন এক চিত্র। ক্ষমতার আসনে বসে যারা নীতির ভাষণ দেন, তারাই প্রায়শ প্রথম ভঙ্গ করেন সেই নীতির শপথ।
রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো যেন আজ অদৃশ্য এক দখলে বন্দী। মেধা ও পরিশ্রমের মূল্য কমে গেছে; ঘুষ ও তদবিরের কণ্ঠস্বর হয়ে উঠেছে রাষ্ট্রযন্ত্রের ভাষা। মানুষ ন্যায় চাইতে গিয়ে অন্যায়ের দরজায় নতজানু হয়। যেন এক অদ্ভুত সভ্যতা—যেখানে নীতিহীনতা নিয়মে পরিণত, আর নীতিবান হওয়া অপরাধের সমার্থক।
বিভিন্ন হৃদয়বিদারক ঘটনায় অন্তরের গহীনে জমে থাকা বেদনা যেন আবারও জেগে ওঠে। প্রশ্ন জাগে—কেমন দেশে আমি জন্মেছি! এ কেমন জনপদ, যেখানে মানুষের প্রাণ কেবল সংবাদপত্রের সংখ্যা বৃদ্ধি করে? পথের ধারে, রাস্তাঘাটে একের পর এক প্রাণ নিভে যাচ্ছে নিঃশব্দে; মৃত্যু যেন আমাদের প্রতিদিনের সহচর হয়ে উঠেছে। নেই জীবনের নিরাপত্তা, নেই সম্পদের নিশ্চয়তা। মানুষ সকালে বের হয় আশায়, সন্ধ্যায় ফিরে আসে সংবাদে। মৃত্যু যে অবধারিত, তা আমরা জানি;