চীনের দালিয়ান থেকে হাই-স্পিড (বুলেট) ট্রেনে করে বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফর সঙ্গী হিসেবে রয়েছেন স্ত্রী ডা. জুবাইদা রহমান।
বুধবার (২৪ জুন) স্থানীয় সময় বিকেল ৫টা ৩৫ মিনিটে তারা বেইজিংয়ে পৌঁছান। এসময় চাউমিং রেলওয়ে স্টেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণীকে লাল গালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার দেওয়া হয়।
এর আগে বুধবার সকালে দালিয়ানে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম (ডব্লিউইএফ) আয়োজিত ‘গ্রীষ্মকালীন দাভোস’-এর বার্ষিক সম্মেলনে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চীনের দালিয়ান আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ সম্মেলনের আয়োজন করা হয়।
এসময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন, পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন, প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি প্রমুখ।
‘অ্যানুয়াল মিটিং অব দ্য নিউ চ্যাম্পিয়নস’-এর ১৭তম আসরে বিশ্বের বিভিন্ন দেশের সরকারপ্রধান, নীতিনির্ধারক, ব্যবসায়ী, শিক্ষাবিদ ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন। আয়োজকদের তথ্যমতে, ৯০টিরও বেশি দেশ ও অঞ্চল থেকে ১ হাজার ৭০০ জনের বেশি প্রতিনিধি সম্মেলনে যোগ দেন।
সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ছাড়াও গিনির প্রধানমন্ত্রী আমাদু উরি বাহ, কাজাখস্তানের প্রধানমন্ত্রী ওলঝাস বেকতেনভ, দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী কিম মিন সেওক, মঙ্গোলিয়ার প্রধানমন্ত্রী নিয়াম-ওসর উচরাল এবং মন্টিনিগ্রোর প্রধানমন্ত্রী মিলোইকো স্পাইজিচ অংশ নেন।
সরকারের সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, গ্রীষ্মকালীন দাভোসে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ বাংলাদেশের বিনিয়োগ ও কর্মসংস্থান সম্প্রসারণের সম্ভাবনা জোরদার করবে। একই সঙ্গে বিভিন্ন দেশের অভিজ্ঞতা ও সেরা অনুশীলন সম্পর্কে জানার সুযোগ সৃষ্টি হবে।
প্রসঙ্গত, গত সোমবার চীনের দালিয়ানে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরের অংশ হিসেবে তিনি বিভিন্ন কর্মসূচিতে অংশ নিচ্ছেন।
আইও