মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (২১ জুন) দেশটির স্থানীয় সময় রাত ৯টা ও বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় তাকে বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইটটি কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান মালয়েশিয়ার ধর্মমন্ত্রী জুলকিফলি হাসান ও তার সহধর্মিণী। এ সময় মালয়েশিয়ায় বাংলাদেশের হাইকমিশনার মনজুরুল করিম খান চৌধুরী উপস্থিত ছিলেন।
বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিক মোটর শোভাযাত্রায় কুয়ালালামপুরের শাংরি-লা হোটেলে যাবেন। মালয়েশিয়া আগমন উপলক্ষে রাতে সুধী সমাবেশে যোগ দেবেন তারেক রহমান। সমাবেশে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন, বিশ্ববিদ্যালয় শিক্ষক- শিক্ষার্থী, শ্রমিক, প্রবাসীসহ নানা শ্রেণীর পেশার মানুষ অংশ নেবেন।
এর আগে বিকেল ৩টায় দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি মালয়েশিয়ার উদ্দেশে যাত্রা শুরু করেন। এসময় তার সঙ্গে ছিলেন স্ত্রী ডা. জুবাইদা রহমান এবং মন্ত্রিপরিষদের কয়েকজন সদস্য, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা ও ব্যক্তিগত কর্মকর্তারা।
মালয়েশিয়া সফর শেষে তিনি চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং-এর আমন্ত্রণে সরাসরি চীন সফর করবেন।
আইও