টাঙ্গাইলে আগামী ১৪ এপ্রিল পয়লা বৈশাখে ‘কৃষক কার্ড’ বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। প্রধানমন্ত্রী হয়ে জেলায় এটি তার প্রথম আগমন।
এর আগে গত ৩১ জানুয়ারি তিনি টাঙ্গাইলে জনসভায় এসেছিলেন। প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে টাঙ্গাইলে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ছড়িয়ে পড়েছে বিএনপির নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে।
সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী টাঙ্গাইল এসে প্রথমে মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মাজার জিয়ারত করবেন। পরে টাঙ্গাইল স্টেডিয়ামে দেশব্যাপী প্রি-পাইলটিং হিসেবে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন। এরপর তিনি কৃষক সমাবেশে ভাষণ দেবেন। শেষে তিনি পৌর উদ্যানে কৃষি মেলার উদ্বোধন করবেন।