দেশের সকল প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগ এবং ধর্মীয় মূল্যবোধ পরিপন্থী সকল সিদ্ধান্ত বাতিলের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে জাতীয় মূল্যবোধ সংরক্ষণ পরিষদ।
রোববার (২ নভেম্বর) দুপুর ২টায় অনুষ্ঠিত এই মানববন্ধনে উপস্থিত ছিলেন রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ, শিক্ষা-গবেষণা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ও উলামায়ে কেরামসহ বিভিন্ন পর্যায়ের জাতীয় নেতৃত্ববৃন্দ।
বক্তারা বলেন, বাংলাদেশের রাষ্ট্রীয় অস্তিত্ব, সাংবিধানিক পরিচিতি, সামাজিক রীতি-নীতি ও জনগণের চেতনার ভিত্তি হলো ধর্মীয় ও নৈতিক মূল্যবোধ। এই মূল্যবোধকে শিক্ষাব্যবস্থা থেকে সরিয়ে ফেলা হলে তা প্রজন্মকে নৈতিকভাবে দুর্বল ও আত্মপরিচয়হীন করে তুলবে।