দেশে নানা উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে দুর্বলতার কারণে বিদেশি ঋণের অর্থছাড়ে হিমশিম খেতে হচ্ছে সরকারকে। বিপরীতে আগের নেওয়া ঋণ পরিশোধের চাপ তো আছেই। সে ধারাবাহিকতায় চলতি অর্থবছরের প্রথম মাসেও বড় ধাক্কা হয়ে এসেছে ঋণ পরিশোধের চাপ।
চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে বিদেশি ঋণের যে অর্থছাড় হয়েছে, বিপরীতে ঋণ পরিশোধ করতে হয়েছে দ্বিগুণের বেশি। তবে ঋণ প্রতিশ্রুতি আগের বছরের তুলনায় সামান্য কিছু বেড়েছে। বৃহস্পতিবার অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) প্রকাশিত হালনাগাদের এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
প্রতিবেদনে দেখা যায়, চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে প্রকল্পগুলোতে বিদেশি ঋণের অর্থছাড় হয়েছে ২০ কোটি ২৭ লাখ ডলার। আগের অর্থবছরের একই সময়ে অর্থছাড় হয়েছিল ৩৫ কোটি ৮৩ লাখ ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে বিদেশি ঋণের অর্থছাড় কমেছে ৪৩ শতাংশের বেশি।
