|| শরিফ হাসানাত ||
তায়েফজুড়েই আকাল তখন, খাদ্যসংকট ভীষণতর;
দুগ্ধপোষ্য শিশুর খোঁজে মক্কাতে হয় দুধমা জড়ো।
সবাই যখন দেয় ফিরিয়ে এতিম খোকার হাতখানি,
মা হালিমা নেন কুড়িয়ে অমূল্য এক জাতখানি!
অনাহারে ছিল মায়ের রুগ্ন দেহ, শীর্ণ বুক;
এতিম শিশু কোলে নিতেই পেলেন যেন পরম সুখ।
রহমতেরই বাদল ধারায় সিক্ত হলো তাঁর সংসার;
ধন্য হলো বুকটি মায়ের, কাটল ঘন ঘোর আঁধার।
তায়েফ পানে ফিরল যখন রুগ্ন বাহন নিয়ে তাঁর,
শিশু পেয়ে ছুটল তড়িৎ, ক্লান্তি নেইকো মনে আর।
অবাক চোখে দেখল চেয়ে সাথে আসা সকল নারী,
কী অলৌকিক ঘটনা এই! কেমন বেগে দিচ্ছে পাড়ি?
এসএইচ/