বরাবরের মতো এবারও কমছে সরকারের উন্নয়ন বাজেটের আকার। চলতি অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) দুই লাখ ৬৩ হাজার কোটি টাকা বরাদ্দ দেওয়া হলেও তা মাঝপথে এসে ১৮ হাজার কোটি টাকা কমছে। সংশোধিত এডিপির আকার দাঁড়াচ্ছে দুই লাখ ৪৫ হাজার কোটি টাকা। যথাসময়ে প্রকল্প বাস্তবায়ন করতে না পারার পুরনো ব্যর্থতা নিয়েই এই অর্থ এডিপি থেকে কেটে নেওয়া হচ্ছে।
গত অর্থবছরেও সংশোধিত এডিপিতে ১৮ হাজার ৫০০ কোটি টাকা কমেছিল।
পরিকল্পনা কমিশন সূত্রে জানা গেছে, গত রবিবার পরিকল্পনা কমিশনের বর্ধিত সভায় সংশোধিত এডিপির আকার চূড়ান্ত করা হয়, যা আগামী ১২ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত হতে যাওয়া জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভায় অনুমোদন পাবে।
