আন্তর্জাতিক ডেস্ক
ওমরাহ পালনের উদ্দেশে সৌদি আরব যাওয়ার পথে কিংবা দেশে ফেরার সময় ফ্লাইট বাতিল বা বিলম্বিত হলে যাত্রীদের অপ্রত্যাশিত ভোগান্তিতে পড়তে হতে পারে। এ পরিস্থিতিতে আতঙ্কিত না হয়ে সংশ্লিষ্ট বিমান সংস্থা, ওমরাহ এজেন্সি ও কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
ফ্লাইট বাতিল বা বিলম্বিত হলে প্রথমেই বিমান সংস্থার সঙ্গে যোগাযোগ করে ফ্লাইটের সর্বশেষ অবস্থা নিশ্চিত করতে হবে। পাশাপাশি বিকল্প ফ্লাইটের ব্যবস্থা আছে কি না, তা জানতে হবে।
ওমরাহ এজেন্সির সঙ্গেও যোগাযোগ করা জরুরি। পুনরায় টিকিট বুকিং, হোটেলে থাকার ব্যবস্থা এবং যাতায়াতের বিষয়ে এজেন্সির সহায়তা নেওয়া যেতে পারে।
ফ্লাইট ছাড়তে দেরি হলে হোটেলে থাকার সময়সীমার দিকে খেয়াল রাখতে হবে। বুকিংয়ের মেয়াদ শেষ হওয়ার আগেই হোটেল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনে থাকার সময় বাড়ানোর ব্যবস্থা করতে হবে।
এ সময় পাসপোর্ট, ভিসা, ফ্লাইট বুকিংয়ের কাগজপত্র এবং প্রয়োজনীয় ওষুধ নিরাপদে রাখা জরুরি। কোনো যাত্রী আটকা পড়লে এবং বিমান সংস্থা বা ভ্রমণ এজেন্সির মাধ্যমে সমস্যার সমাধান না হলে নিজ দেশের দূতাবাস বা কনস্যুলেটের সঙ্গে যোগাযোগ করতে হবে।
এ ছাড়া বিমান সংস্থা, বিমানবন্দর ও স্থানীয় কর্তৃপক্ষের আনুষ্ঠানিক ঘোষণার ওপর নজর রাখার পরামর্শ দেওয়া হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া যাচাইহীন তথ্যের ভিত্তিতে বিকল্প ভ্রমণ পরিকল্পনা না করার বিষয়েও সতর্ক করা হয়েছে।
সংশ্লিষ্ট নির্দেশনায় বলা হয়েছে, সব বিমানবন্দর বা সব ফ্লাইটে এ ধরনের সমস্যা দেখা দেয় না। তাই বিকল্প ব্যবস্থা নেওয়ার আগে নিজ ফ্লাইটের অবস্থা সংশ্লিষ্ট বিমান সংস্থা বা বিমানবন্দরের আনুষ্ঠানিক মাধ্যমে যাচাই করে নেওয়া উচিত।
আল্লাহ তাআলা সব ওমরাহযাত্রীকে নিরাপদ রাখুন, বিপদে পড়া যাত্রীদের কষ্ট দূর করুন এবং তাদের নিরাপদে পরিবারের কাছে ফিরিয়ে দিন—এমন দোয়া ওমরাহযাত্রীদের জন্য ছড়িয়ে দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
সূত্র: ইসলামিক ইনফরমেশন
আইও/