কাতারে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সিলেটের কানাইঘাট উপজেলার পাঁচ প্রবাসী বাংলাদেশির নিহত হওয়ার ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি শাইখুল হাদিস মাওলানা উবায়দুল্লাহ ফারুক।
সোমবার (২২ জুন) গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় তিনি নিহতদের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানান।
শোকবার্তায় মাওলানা উবায়দুল্লাহ ফারুক বলেন, বিদেশের মাটিতে একসঙ্গে পাঁচজন বাংলাদেশি প্রবাসীর করুণ মৃত্যু অত্যন্ত হৃদয়বিদারক ও বেদনাদায়ক। এ ঘটনায় নিহতদের পরিবার-পরিজনের ওপর যে শোকের ছায়া নেমে এসেছে, তা ভাষায় প্রকাশ করার মতো নয়। আমরা মহান আল্লাহ তাআলার দরবারে নিহতদের মাগফেরাত কামনা করছি এবং শোকাহত স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।
তিনি বলেন, দেশের অর্থনীতি সচল রাখতে প্রবাসীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। কর্মসংস্থানের তাগিদে প্রিয়জনদের ছেড়ে বিদেশে অবস্থানরত এসব প্রবাসীর মৃত্যু শুধু তাদের পরিবারের নয়, সমগ্র জাতির জন্যই বেদনাদায়ক।
জমিয়ত সভাপতি নিহতদের লাশ দ্রুততম সময়ের মধ্যে দেশে ফিরিয়ে আনার জন্য বাংলাদেশ সরকার, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং কাতারে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের প্রতি প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। পাশাপাশি দুর্ঘটনায় আহতদের সুচিকিৎসা নিশ্চিত করারও দাবি জানান তিনি।
শোকবার্তার শেষাংশে তিনি মহান আল্লাহ তাআলার দরবারে নিহতদের শহীদের মর্যাদা দান, তাদের কবরকে জান্নাতের বাগিচা হিসেবে কবুল করা এবং শোকসন্তপ্ত পরিবারগুলোকে ধৈর্য ধারণের তাওফিক দানের জন্য দোয়া করেন।
আইও